আগামী ২৪ ঘণ্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেয়া হয়েছে। ঢাকাসহ ছয় বিভাগে এ বৃষ্টি হতে পারে। গতকাল রোববার দুপুরে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এ সতর্কবার্তা দেয়া হয়েছিল। আজ সোমবার বেলা ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য সতর্কবার্তা দেয়া হয়েছে।
দেশের যে ছয় বিভাগের জন্য পূর্বাভাস দেয়া হয়েছে সেগুলো হলো-রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। এ সময় রাজধানীতে ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও ওই সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
এদিকে আজ সোমবারও সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হয় কুমিল্লায়, ১০৭ মিলিমিটার। রাজধানীতে এ সময় বৃষ্টি হয় ১৩ মিলিমিটার।
