ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে এসে আত্মসমর্পণ করেন, তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘ওনাকে (শেখ হাসিনা) জেলে যেতে হবে। সেভাবে আইন আইনের গতিতেই চলবে।’
শেখ হাসিনার আত্মসমর্পণের ঘোষণা দেয়ার প্রেক্ষিতে এ মন্তব্য করেন তিনি। আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা শেখ হাসিনার মন্তব্যের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে প্রশ্ন করেন। জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আসামি যদি আত্মসমর্পণ না করে যে, উনি (শেখ হাসিনা) বিদেশে বসে বক্তব্যে দিচ্ছেন। আমি মনে করি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী, যারা পালিয়ে আছেন, লুকিয়ে আছেন, তাদেরকে জাগ্রত ও উজ্জীবিত করার জন্য বলছেন। এছাড়া কোনো কারণ আমি দেখছি না।’
ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অলরেডি এক্সট্রাডিশন প্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনো দেশের সঙ্গে আমাদের যে প্রক্রিয়া আছে ডিপ্লোম্যাসিতে, সেই প্রক্রিয়া চলছে। যেকোনো আসামি যদি আত্মসমর্পণ করেন, তাহলে বাংলাদেশের বিদ্যমান আইনের আওতায় যা প্রয়োজন সেটা করা হবে।’
