রাজনৈতিক বক্তব্যের চেয়ে দেশের জন্য ভালো কিছু করা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ১০টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালপাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আপনাদের সামনে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিলাম না। কারণ রাজনৈতিক বক্তব্যের চেয়ে নিজের দেশের জন্য ভালো কিছু করা অনেক অনেক গুরুত্বপূর্ণ।’
নিজের অভ্যাসের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার পকেটে যদি হাত দেন, এই দেখেন টিস্যু বের হবে আমার পকেট থেকে। এই টিস্যু একটু আগে মাটি ধরে হাত ধুয়ে ব্যবহার করেছি, সেটা পকেটে রেখেছি। এখানে টিস্যুটা ফেললে তাহলে তো আমি আপনাদের যা বলছি আমি নিজেই সেটা মানলাম না।’
‘সেজন্য ছোটবেলা থেকে আমি অভ্যাস করে নিয়েছি, যখন আমি টিস্যু ব্যবহার করি, তা আমি আমার পকেটের মধ্যে রেখে দিই। আমার যে কোনো প্যান্টের পকেটে হাত দিলেই দেখা যাবে টিস্যু বের হয়ে আসবে।’ বলেন তিনি।
তিনি বলেন, ‘সারাদিনে সব টিস্যু প্যান্টের পকেটে জমা হয়। রাতে যখন আমি বাসায় যাই, ডাস্টবিনের মধ্যে বা যেখানে ময়লা ফেলা থাকে, সেখানে আমি টিস্যুগুলা নিয়ে ফেলে দিই, সারাদিনের ব্যবহৃত টিস্যু।’
তারেক রহমান বলেন, ‘এ ধরনের ছোট ছোট অভ্যাস গড়ে তুলতে পারলে দেশকে পরিচ্ছন্ন রাখা অনেক সহজ হবে।’
‘আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, আজকে থেকে এই অভ্যাসটি আমরা সকলে মিলে তৈরি করতে পারব। এই অভ্যাসটা যদি আমরা প্রত্যেকটা মানুষ গড়ে তুলতে পারি, তাহলে আমরা একটা সুন্দর পরিষ্কার একটা দেশ গড়ে তুলতে পারব, এই দেশের পরিবেশ সুন্দর হবে।’ বলেন তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে তারেক রহমান বলেন, ‘গাছটি রোপণ করেই কাজ শেষ হবে না। আজকে আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে। সবাইকে গাছের যত্ন করতে হবে।’
‘আপনারা যেমন নিজের শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে যত্ন করেন, ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে।’ উল্লেখ করেন তিনি।
এর আগে এদিন ভোর ৬টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে বাসযোগে বরিশালের উদ্দেশে রওনা দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
