ফুটবল বিশ্বে নেমে এসেছে গভীর শোকের ছায়া। চলমান বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠ মাতানো তরুণ মিডফিল্ডার জেডেন অ্যাডামস মারা গেছেন। দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার ২৫ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কোনো কারণ এখনো জানানো হয়নি।
চলমান বিশ্বকাপে বাফানা বাফানাদের রূপকথার যাত্রায় অন্যতম বড় কারিগর ছিলেন অ্যাডামস। গ্রুপ পর্বে মেক্সিকো ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন তিনি। এছাড়া দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে বদলি হিসেবে নেমে দলকে ১-০ ব্যবধানের ঐতিহাসিক জয় এনে দিতে সাহায্য করেন। এই জয়ের মাধ্যমেই দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয়। পরে কানাডার কাছে হেরে বিদায় নেয় তারা।
বিশ্বকাপের মাঝেই এক হৃদয়বিদারক ঘটনার মুখোমুখি হন অ্যাডামস। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের ঠিক আগের দিন তার নানি মারা যান। এ কারণে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় সেই ম্যাচে হাফটাইমেই তাকে তুলে নেয়া হয়।
ঘরোয়া ফুটবলে অ্যাডামস দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যবাহী ক্লাব প্রিটোরিয়াভিত্তিক মামেলোডি সানডাউনসের হয়ে খেলতেন। ক্লাবটির হয়ে সদ্য সমাপ্ত ২০২৫-২৬ মৌসুমে আফ্রিকান চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাও জেতেন তিনি। স্টেলেনবোশ এফসির যুব একাডেমি থেকে উঠে আসা এই প্রতিভাবান ফুটবলার ২০২৫ সালের জানুয়ারিতে সানডাউনসে যোগ দেন। ২০২২ সালে মোজাম্বিকের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া অ্যাডামস দেশের হয়ে ১৩টি ম্যাচ খেলেছেন। জাতীয় দলের জার্সিতে তার করা দুটি গোলই ছিল এবারের বিশ্বকাপের বাছাইপর্বে।
অ্যাডামসের এই অকাল প্রয়াণে দক্ষিণ আফ্রিকার ফুটবলারদের অফিশিয়াল ইউনিয়ন এক বিবৃতিতে বলে, ‘দক্ষিণ আফ্রিকার ফুটবল একজন প্রতিভাবান খেলোয়াড় এবং মাঠের এক গর্বিত সেবককে হারালো, যার দেয়ার মতো আরও অনেক কিছু ছিল।’
দেশটির ক্রীড়ামন্ত্রী গেইলন ম্যাককেঞ্জি এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাডামসের পরিবার ও সতীর্থদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
