টানা তিনটি বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পেরে চরম সংকটে আছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। এবার জাতীয় দল পুনর্গঠনে বড় ধরনের রদবদল এনেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দলটির সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনিকে নতুন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে তার উপদেষ্টা হিসেবে থাকছেন এসি মিলানের তারই সাবেক সতীর্থ এবং ১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিলের সাবেক তারকা লিওনার্দো আরাউহো।
সদ্য নির্বাচিত ফেডারেশন সভাপতি জিওভান্নি মালাগো শনিবার এই নিয়োগের ঘোষণা দেন। তিনি জানান, সংকটে থাকা আজ্জুরিদের নতুন কোচ খোঁজার আগে এই অভিজ্ঞ জুটিকে দায়িত্ব দেয়া ছিল তাদের প্রথম এজেন্ডা। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চার বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এই দুজনকে ‘একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ হিসেবে উল্লেখ করেছেন মালাগো।
সাবেক কোচ জেন্নারো গাত্তুসো ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটতে ব্যর্থ হয়ে পদত্যাগ করার পর বর্তমানে ইতালির কোচের পদটি শূন্য রয়েছে। শূন্যস্থান পূরণে ফেডারেশনের সংক্ষিপ্ত তালিকায় সবার ওপরে আছেন দুই সাবেক কোচ রবার্তো মানচিনি ও আন্তোনিও কন্তে।
মানচিনির অধীনে ইতালি ইউরো ২০২০ জিতলেও, ২০২২ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি। পরবর্তীতে তিনি সৌদি আরব ও কাতারের ক্লাব আল সাদের দায়িত্ব ছাড়েন। অন্যদিকে ২০১৬ ইউরোতে ইতালিকে কোচিং করানো কন্তেও সম্প্রতি নাপোলির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
খেলোয়াড় হিসেবে ইতালির হয়ে ১২৭ ম্যাচ খেলা মালদিনি এসি মিলানের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে ক্লাবটিকে ২০২১-২২ মৌসুমে সিরি-এ জেতান। অন্যদিকে এসি মিলান, ইন্টার মিলানের সাবেক কোচ ও পিএসজির সাবেক ডিরেক্টর হিসেবে লিওনার্দোর প্রশাসনিক অভিজ্ঞতাও বেশ সমৃদ্ধ। এই দুই মহাতারকার হাত ধরে ইতালির ফুটবল আবার বিশ্বমঞ্চের শীর্ষ স্তরে ফিরবে বলে আশা করছে এফআইজিসি।
