মিরাজ শেখকে ১৫ দিনের মধ্যে হাজিরের নির্দেশ হাইকোর্টের
ছবি: সংগৃহীত

কোস্টগার্ডের বিরুদ্ধে তুলে নেয়ার অভিযোগ

মিরাজ শেখকে ১৫ দিনের মধ্যে হাজিরের নির্দেশ হাইকোর্টের

ফন্ট সাইজ:

বাংলাদেশ কোস্টগার্ডের বিরুদ্ধে তুলে নেয়ার অভিযোগ থাকা বাগেরহাটের মোংলা উপজেলার বাসিন্দা মিরাজ শেখকে আগামী ১৫ দিনের মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

দীর্ঘদিন তাকে আদালতে সোপর্দ না করায় দায়ের করা এক হেবিয়াস করপাস রিটের প্রাথমিক শুনানি শেষে রোববার হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ দেন।

মিরাজ শেখের পরিবারের অভিযোগ, গত ১০ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে মোংলা উপজেলার জয়মনি ঠোঁটা এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে সাদা পোশাকধারী দুই ব্যক্তি, যারা নিজেদের কোস্টগার্ড সদস্য বলে পরিচয় দেন, তাকে আটক করেন। পরে তাকে হাড়বাড়িয়া কোস্টগার্ড স্টেশনে নেয়া হয়। কিছুক্ষণ পর মোংলার দিক থেকে আসা ‘বাংলাদেশ কোস্ট গার্ড’ লেখা একটি স্পিডবোটে থাকা ইউনিফর্ম পরিহিত সদস্যরা সেখানে উপস্থিত হন। মিরাজকে ওই স্পিডবোটে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের দাবি। পুরো ঘটনাটি স্থানীয় লোকজন ও মিরাজের স্ত্রী মুক্তা খাতুন প্রত্যক্ষ করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

স্বজনদের ভাষ্য, এর আগে ৬ এপ্রিল মিরাজ শেখ স্থানীয় দুই সহযোগীকে নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান। চার দিন পর ১০ এপ্রিল তিনি বাড়ি ফেরেন। সেদিন সন্ধ্যায় একটি অচেনা নম্বর থেকে ফোন পেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের দাবি। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

ঘটনার পর ২৩ এপ্রিল মিরাজের স্ত্রী মোংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ৮ মে মোংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তার সন্ধান দাবি করা হয়। ১৪ মে স্বরাষ্ট্রমন্ত্রী, কোস্টগার্ডের মহাপরিচালক, আইজিপিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত আবেদনও করেন পরিবারের সদস্যরা। তবে কোনো প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত হাইকোর্টে হেবিয়াস করপাস রিট দায়ের করা হয়।

অন্যদিকে, কোস্টগার্ডের পশ্চিম জোনের পক্ষ থেকে এর আগে দাবি করা হয়, মিরাজ শেখকে আটক বা হেফাজতে নেয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। পরিবারের অভিযোগের সত্যতাও তারা খুঁজে পাননি বলে জানানো হয়েছিল। রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ১৫ দিনের মধ্যে মিরাজ শেখকে আদালতে হাজির করার নির্দেশ দেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন