হ্যাকারদের কবলে আর্জেন্টিনা নেপথ্যে কী?

ফন্ট সাইজ:

আটলান্টায় মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের আনন্দ এখনো কাটেনি। এরই মধ্যে বিপাকে পড়েছে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ)। তাদের অফিশিয়াল মেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। সেই হ্যাক করা অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে মেইল পাঠানো হয়েছে। যেখানে দাবি করা হয়েছে আর্জেন্টিনার জয় ছিল ‘দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের ফসল।’ আটলান্টায় শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে ২-০তে এগিয়ে রূপকথা লেখার স্বপ্ন দেখছিল মিশর। কিন্তু ম্যাচের মাত্র ১১ মিনিট বাকি থাকতে শুরু হয় আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন। ৭৯ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা। ঠিক পাঁচ মিনিট পর লিওনেল মেসির গোলে সমতায় ফেরে দল। আর ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে দুই গোলে পিছিয়ে থেকে মাত্র ১৫ মিনিটে ফিরে আসার এটিই প্রথম নজির। ম্যাচ শেষে নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি মিশরের কোচ হোসাম হাসান। রেফারিদের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে, আমরা অবিচারের শিকার হয়েছি। সম্ভবত তারা বিশ্বচ্যাম্পিয়নদের এই টুর্নামেন্টে টিকিয়ে রাখতে চেয়েছিল। হয়তো তারা চেয়েছিল মেসি যেন প্রতিযোগিতায় টিকে থাকে। বিশ্বচ্যাম্পিয়নরা সব স্তর থেকেই সুবিধা পেয়েছে। এই ফলাফলের পেছনে আর্জেন্টিনার পক্ষ থেকে একটা অদৃশ্য চাপ কাজ করেছে বলে মনে হচ্ছে।’ শুধু বক্তব্যেই থামেনি মিশর। ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের দাবি, ওই রেফারি ও ম্যাচ অফিশিয়ালদের বিশ্বকাপ থেকে বহিষ্কার করতে হবে। এ বির্তকে যোগ হলো নতুন মাত্রা। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা কায়ে’ জানিয়েছে, ম্যাচের পর এএফএর অফিশিয়াল মেইল অ্যাকাউন্ট থেকে একাধিক সাংবাদিকের কাছে বিতর্কিত মেইল পাঠানো হয়েছে। সেই মেইলে দাবি করা হয়, ‘আর্জেন্টিনা জেতেনি এবং এই ফলাফল আসলে দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের ফসল।’ একই সঙ্গে মিশরের ফুটবলারদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসাও করা হয়েছে। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, এএফএর অভ্যন্তরীণ সূত্রমতে, মিশরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এই সাইবার হামলার পেছনে রয়েছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক বিবৃতি দিয়েছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা সবাইকে জানাতে চাই যে আমাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে কিছু ই-মেইল পাঠানোর ঘটনা আমরা শনাক্ত করেছি। এই মেইলগুলো আমাদের দলের কেউ তৈরি করেনি এবং এর কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদনও ছিল না।’ সাধারণ মানুষকে সতর্ক করে এএফএ জানিয়েছে, ‘সম্প্রতি আমাদের অ্যাকাউন্ট থেকে পাঠানো যেকোনো অস্বাভাবিক বার্তা — বিশেষ করে যাতে কোনো লিংক, ফাইল কিংবা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে — তা এড়িয়ে চলার জন্য অনুরোধ করছি। আমাদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে শঙ্কা প্রকাশ করছি। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিচ্ছি।’



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন