৬৪৯ মিনিট পর স্পেনের জালে বল, সমতায় ফিরে বিরতিতে বেলজিয়াম

সরাসরি

৬৪৯ মিনিট পর স্পেনের জালে বল, সমতায় ফিরে বিরতিতে বেলজিয়াম

ফন্ট সাইজ:

৪১ মিনিট: স্পেন ১-১ বেলজিয়াম

ভেঙে গেল স্পেনের সেই ঐতিহাসিক অপরাজেয় ডিফেন্সের রেকর্ড! এই প্রথম ২০২৬ বিশ্বকাপে কোনো দল গোল দিলো তাদের জালে। উনাই সিমনের টানা ক্লিনশিটের অবিশ্বাস্য দৌড় অবশেষে থামল ৪১ মিনিটে।

ডান প্রান্তে লামিন ইয়ামালের একটি শট সাইড-নেটিংয়ে লাগার ঠিক পরপরই পাল্টা আক্রমণে ওঠে বেলজিয়াম। রাইট-ব্যাক টিমোথি কাস্তানিয়ে ডান প্রান্ত থেকে স্পেনের বক্সে এক চমৎকার ও নিখুঁত ক্রস বাড়ান। বক্সে পজিশন নিয়ে থাকা স্প্যানিশ তরুণ ডিফেন্ডার পাউ কুবারসিকে ডজ দিয়ে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান বেলজিয়ান স্ট্রাইকার চার্লস ডি কেটেলার। উনাই সিমনের কিছুই করার ছিল না।


৩০ মিনিট: গোল! স্পেন ১-০ বেলজিয়াম

স্পেনকে লিড এনে দিলেন ফাবিয়ান রুইজ! পেদ্রির জায়গায় আজ যিনি স্পেনের মূল একাদশে সুযোগ পেয়েছেন, তিনিই ভাঙলেন ডেডলক। রাইট-ব্যাক পেদ্রো পোরো ডান প্রান্ত দিয়ে লামিন ইয়ামালের সঙ্গে চমৎকার এক ওয়ান-টু খেলে বক্সে একটি নিচু ক্রস বাড়ান। দানি ওলমো প্রথম ছোঁয়াতেই জোরালো শট নেন, যা বেলজিয়ান কিপার থিবো কোর্তোয়া দারুণ দক্ষতায় রুখে দিলেও বল পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। রিবাউন্ডে ধেয়ে আসা বল নিখুঁতভাবে জালে জড়িয়ে স্পেনকে এগিয়ে নেন ফাবিয়ান রুইজ। 

২৩ মিনিট: স্পেন ০-০ বেলজিয়াম

ম্যাচের ২৩ মিনিটে রেফারি প্রথমার্ধের অফিসিয়াল হাইড্রেশন ব্রেকের বাঁশি বাজান। লস অ্যাঞ্জেলেসের তীব্র গরম ও তপ্ত রোদের ক্লান্তি দূর করতে দুই দলের খেলোয়াড়েরাই মাঠের সাইডলাইনে গিয়ে পানি ও রিফ্রেশমেন্ট নিয়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। এখন পর্যন্ত আক্রমণ-প্রতিআক্রমণে লড়াই জমে উঠলেও স্কোরলাইন গোলশূন্য।


১৪ মিনিট: স্পেন ০-০ বেলজিয়াম

স্প্যানিশ তরুণ পাউ কুবারসি বেলজিয়াম ডিফেন্সের একটি ফাঁক গলে চমৎকার এক পাস বাড়ান অ্যালেক্স বায়েনার উদ্দেশ্যে। বায়েনা সেই পাস ধরে বল বেলজিয়ান ডিফেন্ডার নাথান এনগয়ের ওপর দিয়ে ভাসিয়ে বক্সে পাঠান এবং একই সঙ্গে হ্যান্ডবলের জোরালো আবেদন জানান। তবে রেফারি আবেদন নাকচ করার আগেই সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলেন। 

৩ মিনিট: স্পেন ০-০ বেলজিয়াম

ম্যাচ শুরুর মাত্র কয়েক মিনিট আগেই বড় ধাক্কা খেয়েছে বেলজিয়াম শিবির। ম্যাচের ওয়ার্ম-আপের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেছেন বেলজিয়ান অধিনায়ক ইউরি তিলেমানস। এই নাটকীয় বিদায়ের পর তার জায়গায় শেষ মুহূর্তে বেলজিয়ানদের মূল একাদশে যুক্ত করা হয়েছে ক্লাব ব্রুজের মিডফিল্ডার হান্স ভানাকেনকে।


মুখোমুখি স্পেন-বেলজিয়াম

বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে রাত ১টায়। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার এই লড়াইয়ে মাঠে নামার আগে দুই শিবিরেই এসেছে বেশ কিছু পরিবর্তন।

এবারের আসরে এখন পর্যন্ত কোনো গোল না হজম করে ইতিহাস গড়েছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন। পর্তুগালকে হারানো ম্যাচের একাদশ থেকে আজ একটি পরিবর্তন এনেছে তারা। পেদ্রির জায়গায় মাঝমাঠে এসেছেন ফাবিয়ান রুইস। রক্ষণভাগে তরুণ পাউ কুবারসির সঙ্গে থাকছেন অভিজ্ঞ আইমেরিক লাপোর্তে। তবে চোট কাটিয়ে উইঙ্গার নিকো উইলিয়ামস এখনো বেঞ্চেই থাকছেন।

অন্যদিকে, বেলজিয়াম শিবিরে স্বস্তি ফিরিয়ে একাদশে ফিরেছেন অধিনায়ক কেভিন ডি ব্রুইনা ও জেরেমী ডোকু। তবে চোটের কারণে ছিটকে গেছেন আমাদু ওনানা।

পরিসংখ্যান বলছে, ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দল দুটি। এই ম্যাচের জয়ী দল আগামী মঙ্গলবার ডালাসে প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে।

স্পেন একাদশ (৪-২-৩-১): উনাই সিমন (গোলকিপার), পেদ্রো পোরো, পাউ কুবার্সি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইস, লামিন ইয়ামাল, দানি অলমো, অ্যালেক্স বায়েনা, মিকেল ওয়ারজাবাল।

বেলজিয়াম একাদশ (৪-২-৩-১): থিবো কোর্তোয়া (গোলকিপার), টিমোথি কাস্তানিয়ে, নোয়া এনগোয়, ব্র্যান্ডন মেচেলে, মাক্সিম ডি কুইপার, ইউরি তিলেমান্স, নিকোলাস রাসকিন, লেয়ান্দ্রো ট্রোসার্ড, কেভিন ডি ব্রুইনা, জেরেমী ডোক, চার্লস ডি কেটেলার

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন