এসিল্যান্ডের অভিযানে শতবর্ষী রাস্তা উন্মুক্ত খালের বাঁধ অপসারণের নির্দেশ

এসিল্যান্ডের অভিযানে শতবর্ষী রাস্তা উন্মুক্ত খালের বাঁধ অপসারণের নির্দেশ

ফন্ট সাইজ:

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের পৃথক দু’টি অভিযানে দীর্ঘদিনের জনভোগান্তি নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া হয়েছে। এক অভিযানে প্রায় শতবর্ষী একটি জনচলাচলের রাস্তা উন্মুক্ত করা হয়েছে। অন্য অভিযানে খালে অবৈধভাবে বাঁধ দিয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অভিযুক্তকে দ্রুত বাঁধ অপসারণ করে স্বাভাবিক পানি চলাচল নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের নির্দেশনায় অভিযান দু’টি পরিচালনা করেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্লাশ্বর পূর্বপাড়া দীঘির পশ্চিম পাড় সংলগ্ন যোগেশের বাড়ির সামনের রাস্তা দিয়ে প্রায় একশ’ বছর ধরে এলাকাবাসী চলাচল করে আসছেন। বর্তমানে ওই এলাকায় প্রায় ১২টি সনাতন ধর্মাবলম্বী পরিবারের বসবাস। সম্প্রতি পার্শ্ববর্তী বাড়ির লোকজনের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে কয়েকদিন আগে এলাকাটির একমাত্র চলাচলের প্রধান পথটি সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়। এতে ওই ১২টি পরিবারসহ আশপাশের সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।

স্থানীয়দের লিখিত অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা সরজমিন তদন্ত করেন। অভিযোগের সত্যতা পাওয়ার পর তাৎক্ষণিক অবরুদ্ধ পথটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার নির্দেশ দেন। হিল্লোল চাকমা বলেন, জনস্বার্থে ব্যবহৃত কোনো চলাচলের পথ বেআইনিভাবে বন্ধ করা যাবে না। ভবিষ্যতে কেউ পুনরায় এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। একইদিন উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচোঁ মৃধ্যা বাড়ি সংলগ্ন একটি খালে অবৈধভাবে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দেয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি)।

তদন্তে অভিযোগের সত্যতা মিললে অভিযুক্তকে আগামী কয়েকদিনের মধ্যে বাঁধের নিচ দিয়ে বড় আকারের পাইপ স্থাপন করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন, জনস্বার্থের পরিপন্থি কোনো কর্মকাণ্ড প্রশাসন সহ্য করবে না। জনগণের চলাচলের রাস্তা দখল কিংবা পানি প্রবাহে বাধা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন