জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বাংলার আটশ’ বছরের ইতিহাসে শেখ হাসিনা ছাড়া এভাবে আর কেউ দেশ ছেড়ে পালিয়ে যায়নি। পালিয়ে যাওয়ার দুই দিন আগেও বলেছিল ‘শেখ হাসিনা পালায় না’। কিন্তু হাজার মানুষের গণহত্যাকারী মহান সৃষ্টিকর্তার ন্যায়বিচারের বাইরে তো যেতে পারে না। সবচেয়ে লজ্জাজনক পরিস্থিতি হয়েছে, সে শুধু নিজে ধ্বংস হয়নি। তার দলটাকেও ধ্বংস করে দিয়েছে। ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় পাবনার চাটমোহর উপজেলার পৌর সদরের বালুচর খেলার মাঠে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। সারজিস বলেন, বিএনপি ক্ষমতায় আছে বলে, ধমকাতে পারে বলেই তাদেরকে ভোট দিয়ে আবার ক্ষমতায় নিতে হবে, এটা কোনো সভ্য দেশের চিন্তা হতে পারে না। এই সাড়ে ৪ মাসে বিএনপি সরকারের অন্তত একশ’ সমস্যা ধরতে পারবো।
প্রত্যেক জায়গায় রাজনৈতিক লবিং করতে হয়, এটা তো কোনো বাংলাদেশ হতে পারে না। আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা যে রাজনৈতিক দল করি, সেই দলের প্রতি অন্ধ হয়ে যাই। দালালি করা শুরু করি। নতুন করে স্কুলগুলোতে ম্যানেজিং কমিটির খেলা শুরু হয়েছে। এলাকার সবচেয়ে টাউট-বাটপার সভাপতি হওয়ার জন্য যা করা দরকার তাই করা শুরু করেছে। সরকার আজকে আছে কালকে নাই, কিন্তু দেশ থাকবে, জনগণ থাকবে। এ সময় আওয়ামী লীগকে উদ্দেশ্য করে সারজিস আরও বলেন, বিএনপি’র সালাহউদ্দিন আহমদ বলেছেন, তাদের (আওয়ামী লীগ) জন্ম যেখানে সেখানে দাফনও হয়ে গিয়েছে।
তাহলে দিল্লির একটা দল কী মানুষের প্রতিনিধিত্ব করতে পারে? তাই, বাংলাদেশপন্থি দলকে বেছে নিতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, পাবনা জেলা শাখার আহ্বায়ক খন্দকার আকতার হোসেন লেবু, চাটমোহর উপজেলা শাখার সদস্য সচিব খাইরুল ইসলাম, শহীদ জাহিদুল ইসলামের পিতা দুলাল উদ্দিন মাস্টার, এনসিপি নেত্রী রোকসানা পারভীন প্রমুখ। সমাবেশ থেকে আগামী চাটমোহর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে খন্দকার আকতার হোসেন লেবুকে পরিচয় করিয়ে দেয়া হয়।
