ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেছেন, নগরবাসীর দুর্ভোগ লাঘবে ময়মনসিংহে আর অপরিকল্পিত নগরায়ণ হবে না। তিনি বলেন, ইতিমধ্যে উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে মাস্টারপ্ল্যান তৈরির সভা হয়েছে, আমরা কাজ শুরু করেছি। এই মাস্টারপ্ল্যান অনুযায়ী নগরীর প্রত্যেকটি ড্রেনেজ সিস্টেম, খাল খনন এবং ভবন নির্মাণ মাস্টারপ্ল্যানের আওতায় থাকবে। এর মধ্যদিয়ে আমরা ময়মনসিংহকে একটি অত্যাধুনিক নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছি।
জলাবদ্ধতার জন্য যেন কোনো শিশুকে প্রাণ দিতে না হয়। বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় ঘরের মেঝেতে সৃষ্ট জলাবদ্ধতার পানিতে পড়ে ৮ মাস বয়সী শিশু আয়াসের মৃত্যুর ঘটনায় পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় শিশু আয়াসের মৃত্যুর ঘটনাটি দুঃখজনক এবং মর্মান্তিক উল্লেখ করে তিনি বলেন, আমাদের সবচেয়ে প্রিয় জিনিস সন্তান।
সেই সন্তান যদি ঘরের মেঝের জলাবদ্ধতায় ডুবে মারা যায়, এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা আর কী হতে পারে। আমরা এই পরিবারটির পাশে থেকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য অব্যাহত রাখবো। কোনো বিষয়ে জনগণের যেন দুর্ভোগ না হয়, সেদিকে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে। অপরিকল্পিত নগরায়ণের জন্য আওয়ামী সরকারের সমালোচনা করে মোতাহার তালুকদার আরও বলেন, বিগত ১৭ বছরে যারা এই সিটি করপোরেশনের দায়িত্বে ছিল, তারা মাস্টারপ্ল্যানের কোনো উদ্যোগ নেয় নাই। তারা লোক দেখানো উন্নয়ন করেছিল।
কিন্তু বাস্তবে ড্রেনেজ সিস্টেম ও খাল খনন, এসব কাজে তারা হাত দেয়নি। তারা ড্রেন বা খালের গভীরতা তৈরি করেনি। এ কারণে সামান্য বৃষ্টি হলে ময়মনসিংহ শহর পানিতে ভেসে যায়। শিশু আয়াসের মৃত্যুর ঘটনাটি এর জ্বলন্ত দৃষ্টান্ত।
