জয়পুরহাটের ক্ষেতলালে মায়ের মৃত্যুর কারণে প্যারোলে মুক্তি পেয়ে জানাজা ও দাফনে অংশ নিয়েছেন আলোচিত কয়েদি আবু হায়াত। শুক্রবার প্যারোলে মুক্তি পাওয়ার পর মায়ের জানাজা ও দাফন সম্পন্ন করে নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় জয়পুরহাট জেলা কারাগারে ফিরিয়ে নেয়া হয়। কারাগার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু হায়াতের মা তাহেরা বেগম (৬৫) গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইন্তেকাল করেন। মৃত্যুর খবর পেয়ে তিনি প্যারোলে মুক্তির আবেদন করেন।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তাকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়। ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামের আজিজার রহমানের ছেলে হায়াত দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় জয়পুরহাট জেলা কারাগারে বন্দি রয়েছেন। সম্প্রতি একটি অস্ত্র মামলায় তিনি সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়েছেন বলে কারা সূত্রে জানা গেছে।
ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্যারোলের বিধান অনুযায়ী দুই ঘণ্টার জন্য কড়া নিরাপত্তার মধ্যদিয়ে হায়াতকে জানাজায় অংশ নেয়ার সুযোগ দেয়া হয়। জেলা কারাগারের জেলার তোফায়েল আহম্মেদ খান জানান, অস্ত্র মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হায়াতের মায়ের মৃত্যুতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে জানাজায় অংশ নেয়ার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়।
