এবারের বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে মেসির আর্জেন্টিনাকে পেতে চান লামিন ইয়ামাল। ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে খেলবেন এবং ম্যাচ শেষে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির সঙ্গে জার্সি বিনিময় করবেনÑ এমন ইচ্ছা স্পেনের এ তরুণ ফুটবলারের। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বার্সেলোনার এই উইঙ্গার বলেনÑ ব্যক্তিগত অর্জন নয়, বিশ্বকাপ জয়ই একমাত্র লক্ষ্য। সাক্ষাৎকারে যখন ইয়ামাল জিজ্ঞাসা করা হয়, কোন খেলোয়াড়ের সঙ্গে তিনি জার্সি বদল করতে চান, তখন ইয়ামালের সরাসরি উত্তর ছিল, ‘মেসির সঙ্গে।’ আর যদি স্পেন ফাইনালে ওঠে, তাহলে কোন দলের বিপক্ষে খেলতে চান; এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আর্জেন্টিনা।’
বিশ্বকাপে এবার অনেক নতুন তারকা নিজেদের মেলে ধরেছেন। টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক হিসেবে ইয়ামাল বেছে নিয়েছেন মরক্কোর মিডফিল্ডার ইসমাইল সাইবারিকে। পিএসভি থেকে বায়ার্ন মিউনিখে যোগ দেয়া এই ফুটবলার টানা তিন ম্যাচে গোল করেন এবং নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টিও নেন। তবে কানাডার বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় তিনি কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলতে পারেননি। ১৯ বছর পূর্ণ হওয়ার আগে বিশ্বকাপের নকআউট পর্বে তিনটি ম্যাচের শুরুর একাদশে নামা প্রথম স্প্যানিশ ফুটবলার লামিন ইয়ামাল। ইনজুরি কাটিয়ে দলে ফিরলেও গ্রুপ পর্বে স্পেনের প্রথম ম্যাচে একাদশের বাইরে রাখা হয় ইয়ামালকে। এবারে বিশ্বকাপে আফ্রিকান চমক কেপ ভার্দের সঙ্গে ওই ম্যাচে গোলশূন্য ড্র করে স্প্যানিয়ার্ডরা। দ্বিতীয় ম্যাচে একাদশে ফিরেই গোল পান ইয়ামাল।
