জয়পুরহাটের পাঁচবিবিতে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বাগজানা রেলগেটের ৫০ গজ উত্তরে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রায়পুর গ্রামের বইদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের পর আশরাফুল বাড়ি থেকে বের হয়ে যান।
পরে বাগজানা রেলস্টেশন এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বাগজানা রেলগেট অতিক্রমকালে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সান্তাহার রেলওয়ে থানার এসআই ওবাইদুর রহমান বলেন, আমরা এখন পর্যন্ত এমন ঘটনার খবর পাইনি। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
