বন্যার্তদের জন্য যা এনেছি, তা ভালোবাসার উপহার

বন্যার্তদের জন্য যা এনেছি, তা ভালোবাসার উপহার

ফন্ট সাইজ:

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। মানুষের বিপদে রাষ্ট্রের যেমন পাশে দাঁড়ানোর দায়িত্ব তেমন বিরোধী দল হিসেবে আমাদের ও দায়িত্ব। উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলার কর্মপরিকল্পনা বাস্তবায়নে আমরা অংশীদার হতে চাই। তিনি দ্রুত বন্যাদুর্গত মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেয়া এবং ভবিষ্যতে এমন দুর্যোগের ক্ষতি কমাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। গতকাল চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, সরকার মানুষের জন্য।

মানুষের বিপদে যে সরকার সাড়া দেয়, সেটিই ভালো সরকার। আর যে সরকার মানুষের খোঁজখবর নেয়ার সময় পায় না, সেই সরকার তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। আমরা চাই সরকার মানুষের পাশে দাঁড়াক, তাদের কষ্ট লাঘবে কার্যকর উদ্যোগ নেক এবং স্থায়ী সমাধানের পথ তৈরি করুক। বন্যার্তদের উদ্দেশ্যে জামায়াত আমীর বলেন, আমরা আপনাদের কষ্টের অংশীদার হতে এসেছি। এগুলো কেবল ত্রাণ নয়, আমাদের ভালোবাসা ও দায়িত্ববোধের সামান্য উপহার। আল্লাহ যেন আপনাদের ধৈর্য ধারণের তাওফিক দেন এবং দ্রুত এই দুর্যোগ থেকে মুক্তি দান করেন। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সামর্থ্যবান মানুষকে বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

সফরে ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। শুক্রবার সকালে চট্টগ্রামে পৌঁছে তিনি প্রথমে বাঁশখালীর বিভিন্ন বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখেন। সেখানে পানিবন্দি মানুষের খোঁজখবর নেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির চিত্র সম্পর্কে অবগত হন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনা খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন। পরবর্তীতে তিনি সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন