বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে এবার কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। তবে ম্যাচের ফলের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন গ্যালারিতে উপস্থিত লাল পোশাক পরা এক রহস্যময়ী নারী
সমর্থক, যার পরিচয় জানতে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছেন ফুটবলপ্রেমীরা।
কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল গোলশূন্য। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে জয় পেয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় সুইজারল্যান্ড।
ম্যাচ চলাকালে সমপ্রচারকারী প্রতিষ্ঠানের ক্যামেরা গ্যালারিতে থাকা এক সুইস নারী সমর্থকের দিকে ফোকাস করলে মুহূর্তেই তিনি দর্শকদের নজর কাড়েন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শুরু হয় তাকে নিয়ে তুমুল আলোচনা।
একজন লিখেছেন, এই সুইস সমর্থক কে? অবিশ্বাস্য সুন্দর! আরেকজনের মন্তব্য, অসাধারণ চুলের সেই সুইস সমর্থককে দেখে আমি মুগ্ধ।
আরেকজন মজা করে লিখেছেন, ওকে দেখার পর সত্যি বলতে আমি সুইজারল্যান্ডকেই সমর্থন করতে শুরু করেছি। অন্য একজন লিখেছেন, সুইজারল্যান্ড যাওয়ার বিমানের টিকিটের দাম কতো?
তবে ওই নারীকে নিয়ে রহস্য বেশিক্ষণ থাকেনি। পরে এক ভক্ত জানান, ওই নারী আসলে সুইজারল্যান্ডের অন্যতম সেরা খেলোয়াড় ড্যান এনদয়ের বোন।
পরে নিশ্চিত হওয়া যায়, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সেই নারী হলেন- ইভা এনদয়ে। তিনি কানাডায় গিয়েছিলেন তার ভাই ড্যান এনদয়েকে সমর্থন জানাতে। ২৫ বছর বয়সী এই উইঙ্গার বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহ্যাম ফরেস্টের হয়ে খেলেন।
ইভা নিজের টিকটক অ্যাকাউন্টে ম্যাচের বেশ কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেন। সেখানে ভাইয়ের জার্সি পরে তার উপস্থিতি এবং কোঁকড়ানো চুলের স্টাইলও ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে।
বসনিয়া ম্যাচের সময় পোস্ট করা একটি ভিডিওতে ১৫ হাজারের বেশি লাইক পড়েছে। মন্তব্যে অনেকে জানান, তারা টেলিভিশনের পর্দায় ইভাকে দেখেছেন।
কোয়ার্টার ফাইনালের আগে আরেকটি ভিডিও পোস্ট করে ইভা লেখেন, তিনি কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি নিচ্ছেন। সেই পোস্টেও ভক্তদের মন্তব্যের বন্যা বয়ে যায়।
একজন লিখেন, মনে হয় তোমাকে টিভিতে দেখেছি। আরেকজন বলেন, টিভিতে তোমাকে দেখেছি, তোমার কোঁকড়ানো চুল দারুণ লেগেছে।
পরে ইভা নিজেও ইনস্টাগ্রাম স্টোরিতে টেলিভিশনে দেখানো সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করে নিশ্চিত করেন যে, আলোচিত নারী তিনিই।
এদিকে, কলম্বিয়ার বিপক্ষে ড্যান এনদয়ের পারফরম্যান্সেরও প্রশংসা করেছে সুইস গণমাধ্যম। তাদের ভাষ্য, ম্যাচ যত এগিয়েছে, ততই আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন এই ফরেস্ট তারকা।
এবারের বিশ্বকাপে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে শুরুর একাদশে ছিলেন তিনি। এ ছাড়া শেষ ষোলোয় ওঠার পথে আলজেরিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে একটি গোলও করেন।
এবার কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ আর্জেন্টিনা। তাই সপ্তাহান্তে গ্যালারিতে আবারো দেখা যেতে পারে ইভা এনদয়েকে।
সুইস সমর্থকদের আশা, আগের ম্যাচগুলোর মতো এবারো তিনি দলের জন্য সৌভাগ্যের প্রতীক হয়ে উঠবেন।
অন্যদিকে, আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মিশরের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের মাধ্যমে। দুই গোলে পিছিয়ে থেকেও শেষ ১৫ মিনিটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় লিওনেল মেসির দল।
