মাত্র ২০ হাজার টাকার জন্য বৃদ্ধাকে হত্যা করে মাদকাসক্তরা

সংবাদ সম্মেলনে র‌্যাব

মাত্র ২০ হাজার টাকার জন্য বৃদ্ধাকে হত্যা করে মাদকাসক্তরা

ফন্ট সাইজ:

নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববি বেগমের (৭০) মৃত্যুর ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বাহিনীটি বলছে, বৃদ্ধা ববির কাছে থাকা দীর্ঘদিনের সঞ্চিত ২০ হাজার টাকার জন্য তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়। র‍্যাবের ধারণা, মাদকের টাকার জন্য তারা এই ঘটনাটি ঘটিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- ইলিয়াস (৩৫), সাকিব (১৯), বেলাল মিয়া (২৬), দ্বীন ইসলাম (২৬) ও রিফাত (২০)। বৃহস্পতিবার রাতে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার বিকালে রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ৪ঠা জুলাই গভীর রাতে মেথিকান্দা রেলস্টেশনের এক পরিত্যক্ত কক্ষে অবস্থানরত ববি বেগমের ওপর হামলা চালিয়ে দুর্বৃত্তরা তাকে গুরুতর আহত করেন। এ সময় তার দীর্ঘদিনের কষ্টার্জিত ও সঞ্চিত প্রায় ২০ হাজার টাকা লুট করে নেয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ৮ই জুলাই রাতে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় হত্যা মামলা করা হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনার পর ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-১১।

গোয়েন্দা তথ্য, তথ্য-প্রযুক্তির সহায়তা, ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের তথ্য এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়। র‍্যাব-১১-এর একটি দল নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। একই সময়ে র‍্যাব-৯-এর আরেক দল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের নতুন ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে আরও দু’জনকে গ্রেপ্তার করে।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, বৃদ্ধা ববি বেগমের কাছে নগদ অর্থ রয়েছে- এ তথ্য আগে থেকেই তাদের জানা ছিল। সেই পরিকল্পনা অনুযায়ী গভীর রাতে বৃদ্ধার ওপর হামলা চালিয়ে মারধর করে প্রায় ২০ হাজার টাকা লুট করে পালিয়ে যান তারা।

এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ বলেন, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে তিনজনের বিরুদ্ধে আগে থেকেই মাদকের মামলা রয়েছে। তারা মাদকাসক্ত। র‍্যাব জানিয়েছে, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নতুন কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন