চট্টগ্রামের শনিবারের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

চট্টগ্রামের শনিবারের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

ফন্ট সাইজ:

বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি এবং প্রতিকূল আব-হাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন শনিবারের অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষাসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি শুক্রবার পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতির কারণে বোর্ডের আওতাধীন সব জেলার শনিবার অনুষ্ঠিতব্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের (বিষয় কোড-২৭৫) পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে ঘোষণা করা হবে। একইসঙ্গে বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক এলাকায় ইন্টারনেট ও যোগাযোগব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হওয়ায় সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিংয়ের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের পরীক্ষা স্থগিতের বিষয়টি জানিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের পরীক্ষা স্থগিতের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচটি জেলা হলো- চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি স্পষ্ট করেছে, চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলা ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অন্যান্য জেলার শনিবারের নির্ধারিত পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান, কেন্দ্র সচিব, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সড়ক যোগাযোগ, বিদ্যুৎ সরবরাহ ও স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ায় পরীক্ষা আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরিস্থিতি পর্যালোচনার পর শেষ পর্যন্ত শনিবারের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় শিক্ষা কর্তৃপক্ষ। একই কারণে চট্টগ্রাম বিভাগে বুধবারের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন