ময়মনসিংহের মুক্তাগাছায় ৮ বছর বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় সুমন আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে আদালতের নির্দেশে গ্রেপ্তার সুমন আহমেদকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার সুমন উপজেলার আব্দুল কাদেরের ছেলে। এর আগে, বৃহস্পতিবার রাতে শিশুর মা বাদী হয়ে সুমনকে আসামি করে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৬ই জুলাই বেলা ৩টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী সুমন তাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরে ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়ায় শিশুটি ভয়ে বিষয়টি গোপন রাখে। ঘটনার পর থেকে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে বৃহস্পতিবার দুপুরে শিশুটি প্রতিবেশী এক কিশোরীর কাছে ঘটনার বর্ণনা দিলে বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের নজরে আসে।
পরে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত সুমনকে আটক করে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধর্ষক সুমনকে পুলিশ নিজেদের হেফাজতে নেয়। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, চকলেটের প্রলোভন দেখিয়ে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলার পর আসামি সুমনকে আদালতে পাঠানো হয়েছে। একইসঙ্গে শিশুর জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।
