নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক ও চিনিশপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি আওলাদ হোসেন মোল্লা। সমাজসেবক হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার ব্যাপক অবদান রয়েছে।
আওলাদ হোসেন মোল্লা বলেন, বিএনপি’র কেন্দ্রীয় নেতা খাইরুল কবির খোকন ও শিরিন সুলতানার দিকনির্দেশনায় জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করছেন। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত ও অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। ইউনিয়নের উন্নয়নে গ্রামীণ সড়ক ও অবকাঠামোর উন্নয়ন, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও নাগরিক সুবিধা সম্প্রসারণকে অগ্রাধিকার দেয়া প্রয়োজন। একইসঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবার মানোন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার এবং ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তোলা জরুরি।
স্থানীয় নেতাকর্মীরা জানান, রাজনীতির পাশাপাশি ক্রীড়াঙ্গন ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় আওলাদ হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন। তাদের প্রত্যাশা, অভিজ্ঞ নেতৃত্বের দিকনির্দেশনা এবং জনগণের সহযোগিতায় চিনিশপুর ইউনিয়নের উন্নয়ন আরও বেগবান হবে।
