বৃটেন প্রবাসীদের দাবি নিয়ে কাজ করছে ইউকে এনআরবি সোসাইটি

বৃটেন প্রবাসীদের দাবি নিয়ে কাজ করছে ইউকে এনআরবি সোসাইটি

ফন্ট সাইজ:

সিলেট-ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু হওয়ায় প্রধানমন্ত্রী সহ সকল মহলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইউকে এনআরবি সোসাইটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাতে নগরীর জিন্দাবাজারের মেহমান রেস্টুরেন্টের ভিআইপি হলরুমে সিলেটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সিলেট-ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু হওয়ায় প্রধানমন্ত্রী, বিমানমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী সহ সিলেটবাসীকে ধন্যবাদ জানিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সভায় সভাপতির বক্তব্যে ইউকে এনআরবি সোসাইটির পরিচালক এম জুনেদ আহমদ বলেছেন, বার বার বন্ধ হয়ে পড়া সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট স্বাভাবিক রাখতে ম্যানচেস্টার ও সিলেটে একযোগে আন্দোলন চালানো হয়েছে। যার ফলশ্রুতিতে বর্তমান সরকার প্রবাসীদের দাবির প্রতি একাত্ম হয়ে এ দাবিটি মেনে নিয়ে ফের সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি বিমান চলাচল শুরু করেছেন।

তিনি বলেন, ইউকে এনআরবি সোসাইটি বৃটেন প্রবাসীদের সকল যৌক্তিক দাবি-দাওয়া নিয়ে কাজ করছে। প্রবাসীরা যাতে বিনিয়োগে আগ্রহী হন সেজন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সিলেট প্রেস ক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক মুকতাবিস উন নূর, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী। এনআরবি সোসাইটির পক্ষে বক্তব্য রাখেন পরিচালক ও এম জামাল উদ্দিন ও সদস্য মো. নজরুল ইসলাম।

সাংবাদিক ওয়েছ খছরুর পরিচালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ হান্নান, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ূন কবির লিটন সহ সাংবাদিক নেতৃবৃন্দ। সভায় সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর বলেন, বিশ্বের বিভিন্ন দেশে থাকা সিলেটের প্রবাসীরা নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ণাঙ্গ রূপে চালু না হওয়ায় বিভিন্ন দেশের উড়োজাহাজ সিলেটে আসছে না। এতে ভাড়া বৈষম্যের পাশাপাশি যাত্রী ভোগান্তিও চরমে রয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন