দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেলাল হোসেন ওরফে সুমন (৩৫) নামের এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। গত বুধবার বিকালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের মেফেয়ার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন। নিহত সুমন উপজেলার ৯ নম্বর মিরওয়ারীশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনির উদ্দিন মহাজন বাড়ির আব্দুল ওয়াদুদের ছেলে এবং সুমন দুই সন্তানের জনক ছিলেন। স্থানীয়রা জানায়, সুমন গত ১৫ বছর দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছে।
শেষ গত ১ বছর আগে দেশে এসেছিলেন। জানা যায়, ঘটনার দিন একদল দুর্বৃত্ত তার দোকানে এসে তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে মাথায় ও ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রবাসী ব্যবসায়ীর মৃত্যুতে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান মানবজমিনকে বলেন, বিষয়টি গণমাধ্যমকর্মীদের থেকে জেনেছি। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় খোঁজখবর নেয়া হবে।
