বান্দরবানে চলমান বন্যা পরিস্থিতিতে বিশুদ্ধ খাবার পানির সংকট মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম শুরু করেছে। বন্যাকবলিত মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে জেলা প্রশাসনের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বাজার এলাকার দেওয়ানজী পুকুরপাড় এলাকায় মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হচ্ছে। বন্যার কারণে যেসব এলাকায় টিউবওয়েল ও অন্যান্য পানির উৎস দূষিত হয়ে পড়েছে এবং নিরাপদ পানির সংকট দেখা দিয়েছে, সেসব এলাকার বাসিন্দারা এখান থেকে প্রয়োজনীয় বিশুদ্ধ পানি সংগ্রহ করছেন।
জানা গেছে, বন্যার কারণে আশ্রয় কেন্দ্রে ও বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় বিশুদ্ধ পানির চাহিদা বৃদ্ধি পাওয়ায় জরুরিভিত্তিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শহর ও আশপাশের এলাকায় মাইকিংয়ের মাধ্যমে জনগণকে পানি সংগ্রহের বিষয়ে অবহিত করা হচ্ছে। পাশাপাশি আশ্রয় কেন্দ্রেগুলোতে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে জানান, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সুপেয় পানির চাহিদা পূরণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ও দুর্গত এলাকায় প্রতিদিন প্রায় দেড় লাখ লিটার বিশুদ্ধ পানি সরবরাহের পরিকল্পনা নেয়া হয়েছে। প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে দৈনিক ১০ লিটার করে নিরাপদ খাবার পানি প্রদান করা হবে, যাতে তারা পানিবাহিত রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত থাকতে পারেন। বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রয়োজন হলে আরও অতিরিক্ত পানি সরবরাহের ব্যবস্থা নেয়া হবে।” সংশ্রিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ পানির নিশ্চয়তায় সরকারি এ কার্যক্রম চলমান থাকবে।
