বিএনপি কার্যালয় ভাঙচুর ও আসবাবপত্র চুরির অভিযোগে তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম সরকারসহ ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার বলরামপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মুন্সী বাদী হয়ে ওই মামলা দায়ের করেন।
গত ৭ই জুলাই রাতে তিতাস থানায় মামলাটি হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ৫ই জুলাই রাতে উপজেলার দক্ষিণ বলরামপুর নয়াবাজারে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। পরে কার্যালয়ে থাকা একাধিক আসবাবপত্র চুরি করে নিয়ে যাওয়া হয়। মামলায় বিএনপি থেকে বহিষ্কৃত দুই নেতা, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়কসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে উপজেলা বিএনপি’র সাবেক সদস্য তোফায়েল আহমেদ তপন ভূঁইয়াকে। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বলরামপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে প্রচারণা চালাচ্ছেন। মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে, কলাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. ইব্রাহিম সরকারকে। অন্যদের মধ্যে তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক তফাজ্জল হোসেন ভূঁইয়া, কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন (বাবুল)কে আসামি করা হয়েছে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, এটি একটি রাজনৈতিক মামলা। মামলার তদন্ত চলছে। কোনো আসামি এখনো গ্রেপ্তার হয়নি। মামলার তদন্তে কেউ নিরপরাধ প্রমাণিত হলে তাকে কোনো রকমের হয়রানি করা হবে না।
