বান্দরবানে বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর ত্রাণ সহায়তা, এখনো বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ

বান্দরবানে বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর ত্রাণ সহায়তা, এখনো বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ

ফন্ট সাইজ:

টানা অতিবৃষ্টি ও বন্যার কারণে বান্দরবানের নিম্নাঞ্চল এখনো প্লাবিত রয়েছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার বিভিন্ন এলাকায় দুর্ভোগ অব্যাহত আছে। বন্যার পানিতে জেলার সাত উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন রয়েছে। এ অবস্থায় আশ্রয়কেন্দ্রগুলোতে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে দুর্গত মানুষের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হচ্ছে। এদিকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে মানবিক সহাযতা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত বান্দরবান সদর জোনের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহলদল কুহালং ইউনিয়নের দুর্গম বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

জানা যায়, সদর উপজেলার কুহালং ইউনিয়নের উনুচিং মং কারবারি পাড়া, উসই মং কারবারি পাড়া ও বাকিছড়া মুখ এলাকার মোট ৫৩টি পানিবন্দি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, শুকনো খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি সেনাসদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং বন্যা পরিস্থিতিতে নিরাপদে অবস্থান, স্বাস্থ্যবিধি মেনে চলা ও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় পরামর্শ দেন। এ সময় কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত থেকে কার্যক্রমে সহযোগিতা করেন। ত্রাণ প্রাপ্ত স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম ও প্রত্যন্ত এলাকা হওয়ায় বন্যা শুরুর পর থেকে তাদের এলাকায় তেমন কোনো ত্রাণসামগ্রী পৌঁছেনি। সেনাবাহিনীর এই সময়োপযোগী সহায়তা তাদের দুর্ভোগ অনেকটাই লাঘব করেছে। এজন্য তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং মানবিক সহায়তা প্রদানে তারা সর্বদা প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী দুর্গত ও অসহায় মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। এদিকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন। বান্দরবানের সাতটি উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবাযন কর্মকর্তারা জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের মাঝে জরুরি খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে। বান্দরবানে বন্যায় পানিবন্দি ও আশ্রয়কেন্দ্রে থাকা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি। এ সময় তিনি বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে বন্যার্তদের খোঁজখবর নেন এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন