দর্শক নেই প্রেক্ষাগৃহে

চলছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা

দর্শক নেই প্রেক্ষাগৃহে

ফন্ট সাইজ:

চলছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। আর এই উন্মাদনায় ভাসছে সারা বিশ্ব। বাংলাদেশের মানুষও বরাবরই বুঁদ হয়ে থাকে ফুটবলের সবচেয়ে বড় এই আসরকে ঘিরে। এবারো হয়েছে তাই। আর বিশ্বকাপের উত্তাপে সিনেমা হলগুলোতে উল্লেখযোগ্য হারে কমেছে দর্শক সংখ্যা। বিশ্বকাপ খেলার বাইরেও খেলার সংবাদ, তারকা খেলোয়াড়, ব্রাজিল-আর্জেন্টিনা কিংবা খেলা নিয়ে ট্রল নিয়েই মজে থাকছেন সবাই। বিশ্বকাপকে ঘিরেই যেন তাদের রাত-দিন। এমনিতেই কোরবানি ঈদের পর দর্শক উপস্থিতি কমেছে সিনেমা হলে। আর বিশ্বকাপের ধাক্কায় সেই উপস্থিতি কমেছে আরও অনেক। এমন অবস্থায় অনেকেই বিশ্বকাপ চলাকালীন সিঙ্গেল হল বন্ধ রেখেছেন। আবার অনেক হল মালিক আগামী ঈদ পর্যন্ত হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি কোরবানির ঈদে কোনো ছবিই ব্যবসা না করায় হল বন্ধ করে দেয়ার সিদ্ধান্তও নিতে যাচ্ছে ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলসহ দেশের বেশ কিছু হল।

জানা গেছে, বিশ্বকাপ উন্মাদনায় সিনেপ্লেক্সেও প্রভাব পড়েছে। দর্শক সংখ্যা কমেছে সিনেমার। এমনকি বাংলার পাশাপাশি হলিউডের নতুন ছবিতেও দর্শকদের উপস্থিতি সে অর্থে নেই। বিশেষ করে বিশ্বকাপ ফুটবলের প্রভাবেই এমনটা হচ্ছে। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ মানবজমিনকে বলেন, ঈদের পর থেকে সিনেমায় দর্শকদের সংখ্যা এমনিতেই কমেছে। তার উপর চলছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। সেই উন্মাদনায় ভাসছেন দেশের মানুষ। তাই স্বাভাবিকভাবেই সিনেমা দেখার প্রতি দর্শকদের আগ্রহ এখন কম। সবমিলিয়ে দর্শক উপস্থিতি কমেছে। এদিকে, বিশ্বকাপ ফুটবল আসর শেষ হওয়ার পর সিনেমা হলে উপস্থিতি বাড়বে বলেও মত দিয়েছেন তিনি।

তবে ঈদ-নির্ভর সিনেমা ইন্ডাস্ট্রি হয়ে যাওয়ায় বড় ছবিগুলো মুক্তি পায় এ দু’টি উৎসবেই। কিন্তু গত কোরবানির ঈদেও জ¦লে উঠতে পারেনি কোনো চলচ্চিত্র। এমনকি পর
পর দুই ঈদে শাকিব খানের ‘প্রিন্স’ ও ‘রকস্টার’ মুখ থুবড়ে পড়ে সিনেমা হলে। এর বাইরেও কোরবানির ঈদের প্রায় সব সিনেমাই লসের ঘরে রয়েছে। তাই প্রযোজক-পরিচালকরাও নতুন করে ভাবছেন সিনেমা মুক্তি নিয়ে। আর শুধু দুই ঈদে বড় ছবিগুলো একসঙ্গে মুক্তি না দিয়ে বছরের অন্য সময়গুলোতেও সে মাপের ছবি মুক্তি পেলে বর্তমান পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে বলে মত দিয়েছেন হল মালিকরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন