প্রকাশ হলো দেশের গুণী সংগীতশিল্পী ফাহমিদা নবীর নতুন গান। শিরোনাম ‘খেয়ালী সুর’। প্রকাশিত হয়েছে ফাহমিদা নবী নামের ইউটিউব চ্যানেলে। গানটির কথা লিখেছেন আমিরুল ইসলাম অরুণ। আর সুর করেছেন ফুয়াদ নাসের বাবু। গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ভাইরালের এই সময়ে এই গান কতোটা সাড়া ফেলবে জানি না, তবে প্রকৃত গানের শ্রোতাদের কাছে ভালো লাগলেই আমার চেষ্টা সার্থক হবে। আমি বিশ্বাস করি, যারা গান ভালোবাসেন, যারা গানের প্রকৃত শ্রোতা, তারা ঠিকই খুঁজে খুঁজে ভালো গান শোনেন। তারাই আমার গানের প্রকৃত শ্রোতা। ‘খেয়ালী সুর’ তাদের ভালো লাগবে। এদিকে, বেশ কয়েক বছর ধরেই গান গাওয়ার পাশাপাশি নিজে সুর করছেন ফাহমিদা নবী। ইতিমধ্যে তার সুর করা বেশ কিছু গান প্রকাশিত হয়েছে।
যদিও ‘খেয়ালী সুর’ গানটি তার সুর করা নয়, তবে অন্যের সুর করা ও লেখা গান নিজের পছন্দ হলেই তাতে কণ্ঠ দেন তিনি। ফাহমিদা নবী বলেন, আমার গাওয়া অনেক গানের সুর আমার নিজে করা। এতে এক ধরনের আত্মতৃপ্তি পাই। তবে আমাদের অনেক মেধাবী সুরকার আছেন, যাদের সুরে গান করতে পারা যেকোনো শিল্পীর জন্য সৌভাগ্যের। ফুয়াদ নাসের বাবু তেমনই একজন। গানটি আমার ভীষণ মনে ধরেছে।
