সিরাজগঞ্জে নিখোঁজের দু’দিন পর যুবকের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজ হওয়ার দু’দিন পর সবুজ সেখ (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের আঞ্চলিক সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত সবুজ একই উপজেলার রতনকান্দি উত্তরপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজ গত বুধবার রাতে ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেনি। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে সন্ধান করেও খোঁজ পায়নি।

পরে ভোরে হাসাকোলা গ্রামের স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে একটি মরদেহটি দেখতে পায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহটি সবুজের বলে শনাক্ত করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের স্ত্রী মিতু খাতুন বলেন, ভোরে খবর পাই, একটি রক্তাক্ত লাশ পাওয়া গেছে। পরে গিয়ে দেখি স্বামীর মরদেহ। শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন