সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আটকে পড়া ৪১১ পর্যটক

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আটকে পড়া ৪১১ পর্যটক

ফন্ট সাইজ:

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক প্লাবিত হওয়ায় রাঙামাটির সাজেক ভ্যালিতে আটকে পড়া বাকি ৪১১ পর্যটককে সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। শুক্রবার সকালে মাচালং ও বাঘাইহাট বাজার এলাকার পানিতে তলিয়ে যাওয়া অংশ নৌকা ও বাঁশের ভেলায় পার করিয়ে তাদের সড়কপথে গন্তব্যে পাঠানো হয়।

সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতি এবং স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, কয়েক দিনের টানা বৃষ্টিতে রাঙামাটির দীঘিনালা–বাঘাইহাট–মাচালং–সাজেক সড়কের বিভিন্ন অংশ প্লাবিত হয়। এতে সাজেকে প্রায় ৫৬১ পর্যটক আটকা পড়েন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে সেনাবাহিনীর বিশেষ উদ্যোগে প্লাবিত সড়কে নৌকা ও বাঁশের ভেলার ব্যবস্থা করে পর্যটকদের পারাপার করা হয়। প্রথম দফায় ১৫০ জন পর্যটক সাজেক ত্যাগ করেন। তাদের মধ্যে ১০ জন শিশু, ১০০ জন পুরুষ এবং ৪০ জন নারী ছিলেন। জরুরি প্রয়োজন থাকায় মূলত তারাই আগে ফিরে যান।

দ্বিতীয় দফায় শুক্রবার সকালে অবশিষ্ট ৪১১ পর্যটকও নিরাপদে সাজেক ত্যাগ করেন।
সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সচিব সুরেশ ত্রিপুরা গণমাধ্যমকে জানান, সকাল ৯টার দিকে সেনাবাহিনীর সহায়তায় আটকে থাকা সব পর্যটক সাজেক ছেড়েছেন। বর্তমানে সাজেকে কোনো পর্যটক নেই।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান গণমাধ্যমকে বলেন, সাজেকে আটকে থাকা পর্যটকদের মধ্যে গতকাল প্রথম দফায় কিছু পর্যটক চলে গেছেন। আজ সকালে বাকি পর্যটকেরা সাজেক ছেড়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন