বজ্রপাতে ৪ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার নওগাঁর রাণীনগর ও মান্দায় ২ জন, নাটোরের সিংড়া ও সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়।
নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁয় রাণীনগর ও মান্দা উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাণীনগর উপজেলার মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫৫) ও মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়া এলাকায় তহির সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০)। রাণীনগর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বলেন, গত বুধবার রাত থেকেই বৃষ্টি শুরু হলে সকালে সাখাওয়াত বাড়ির পাশে তার নিজ জমিতে কৃষি কাজ করছিল। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। এদিকে মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন মণ্ডল বলেন, সকালে ইসমাইল জমিতে কাজ করতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মান্দা থানার ওসি খোরশেদ আলম বজ্রপাতে ইসমাইল সরদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সিংড়া (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওই গ্রামের মৃত কামিল উদ্দিনের ছোট ছেলে। পরিবারসূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বৃষ্টির মধ্যে গ্রামের দক্ষিণ মাঠে পানিতে কারেন্ট জাল পাতা ছিল। এ সময় জালে আটকে থাকা মাছ সংগ্রহ করতে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রিয়াদ সেখ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে ও বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। স্থানীয় ইউপি সদস্য শিপন শেখ এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে যায় রিয়াদ। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারী মানবজমিনকে বলেন, বজ্রপাতে শিশুর মৃত্যুর খবর পেয়েছি। নিহত শিশুর পরিবারের খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বজ্রপাতে ৪ জনের মৃত্যু
বাংলারজমিন ডেস্ক
১০ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
