নেছারাবাদে একরাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

ফন্ট সাইজ:

পিরোজপুরের নেছারাবাদের অলংকারকাঠি গ্রামে এক রাতে তিনটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত ধারাবাহিকভাবে এ ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয় ও ভুক্তভোগীদের দাবি, নগদ অর্থসহ প্রায় ৬০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। ঘটনার খবর পেয়ে নেছারাবাদ-কাউখালী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এসপি) এবং নেছারাবাদ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতির শিকার হওয়া পরিবারগুলো হলোÑ জগন্নাথকাঠি বন্দরের সাবেক সভাপতি মো. আব্দুস সালাম, কাঞ্চন কাজীর ছোট ছেলে মোহাম্মদ তপু কাজী এবং মেজো ছেলে মোহাম্মদ লিটু কাজীর পরিবার। ভুক্তভোগী তপুর ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক ১টা ২০ মিনিটে সংঘবদ্ধ ডাকাতদল তার বাড়ির পেছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। তিনি বলেন, প্রায় দুইটা পর্যন্ত বাড়ির ভেতরে অবস্থান করে তারা স্বর্ণালংকার ও নগদ অর্থসহ আনুমানিক ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এরপর রাত আনুমানিক আড়াইটার দিকে ডাকাতরা লিটুর টিনশেড ভবনের সামনের লোহার দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, ডাকাতরা চার আনা ওজনের একটি স্বর্ণের আংটি, দু’টি রুপার চেইন, দু’টি নূপুর এবং নগদ ১২ হাজার টাকা লুট করে। পরে রাত ৩টার দিকে তারা ওই বাড়ি ত্যাগ করে। একই রাতে আনুমানিক রাত ৩টার দিকে ডাকাতদল জগন্নাথকাঠি বন্দর এলাকার সাবেক সভাপতি আব্দুস সালামের বাড়ির সামনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সে সময় বাড়িতে তার স্ত্রী ও দুই মেয়ে অবস্থান করছিলেন। আব্দুস সালামের অভিযোগ, ডাকাতরা তাদের ঘুম থেকে তুলে একটি কক্ষে আটকে রাখে এবং নগদ এক লাখ টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালংকার লুট করে। স্থানীয় বাসিন্দারা জানান, একই রাতে পরপর তিনটি বাড়িতে ডাকাতির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানান। নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ বা মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন