ফেনীতে বন্যা মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ, পর্যাপ্ত ত্রাণ মজুত

ফন্ট সাইজ:

ফেনীতে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। বন্যা পরিস্থিতিকে সামনে রেখে গত ৮ই জুলাই জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বন্যা পরবর্তী ও বন্যা চলাকালীন যেকোনো দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য সামগ্রী, উদ্ধার সরঞ্জামাদি মজুত রাখার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ২২৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলায় বন্যাকবলিত মানুষের সাময়িক আশ্রয়ের জন্য ৮০টি স্থায়ী ও ১৪৪টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় স্বেচ্ছাসেবী দল গঠনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে। ইতিমধ্যেই উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডভিত্তিক স্বেচ্ছাসেবক দলের তালিকা দ্রুত জেলা কার্যালয়ে প্রেরণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়াও দুর্যোগকালীন সময় নদী ও প্লাবিত অঞ্চলে যাতায়াত ও উদ্ধারের জন্য উপজেলায় বোটের সংখ্যা বাড়িয়ে ৯৩টি নিশ্চিত করা হয়েছে। ফেনী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুব আলম বলেন, সম্ভাব্য বন্যা পরিস্থিতিতে তাৎক্ষণিক মানবিক সহায়তা নিশ্চিত করতে ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন