সড়ক পার হতে গিয়ে ভ্যানচাপায় শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

পঞ্চগড়ের দেবীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় উর্মী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত উর্মী উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট ডাক্তারপাড়া এলাকার ক্ষিতিশ চন্দ্র রায়ের মেয়ে। দেবীগঞ্জ থানার ওসি আবু মূসা বিষয়টি নিশ্চিত করেন।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে স্ত্রী সবিতা রানী ও মেয়ে উর্মীকে নিয়ে দেবীগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের কাছে আসেন ক্ষিতিশ চন্দ্র রায়। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে করতোয়া সেতুর পশ্চিম পাশে শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠ মন্দিরসংলগ্ন এলাকায় কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন তারা। এ সময় পরিবারের অগোচরে উর্মী সেতুর সিঁড়ি বেয়ে মহাসড়কে উঠে যায়। পরে হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টা করলে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. আব্দুল আলীম মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যান থামিয়ে শিশুটিকে উদ্ধারে সহযোগিতা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন