নেত্রকোণায় এক নারী শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দেয়া, শ্লীলতাহানির চেষ্টা, হুমকি ও বিভিন্নভাবে হয়রানির অভিযোগ উঠেছে এক ওলামা লীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত সোলায়মান হোসেন নেত্রকোণা জেলা ওলামা লীগের সদস্য এবং শ্রীরামপুর দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক। এ ঘটনায় সোলায়মানের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে ইসলামী ফাউন্ডেশন নেত্রকোণা জেলা কার্যালয়ের উপ-পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষিকা। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী মদিনা আক্তার নোয়াগাঁও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার একজন নিয়মিত শিক্ষিকা। আটপাড়া উপজেলার শ্রীরামপুর দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সোলায়মান দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছেন এবং শ্লীলতাহানির চেষ্টা করছেন। অভিযোগে বলা হয়, অভিযুক্ত শিক্ষক নোয়াগাঁও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় কর্মরত থাকাকালেও অভিযোগকারীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন এবং অশালীন কথাবার্তা বলতেন। একপর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পারলে তিনি সেখান থেকে চলে যান। এরপরও সে মদিনার স্বামীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিষয়টি এর আগে ইসলামী ফাউন্ডেশনের জেলা কার্যালয়ে লিখিতভাবে জানানো হলেও অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযোগটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২১শে জুন নেত্রকোণা শহর থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত তার পথরোধ করে পুনরায় হয়রানি ও শ্লীলতাহানির চেষ্টা করেন। এ বিষয়ে ইসলামী ফাউন্ডেশন নেত্রকোণা জেলা শাখার উপ-পরিচালক মো. শাহ্ আলম বলেন, অভিযোগ পেয়েছি। আমি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অসুস্থ থাকার কারণে বিষয়টির ব্যবস্থা নিতে পারিনি। সুস্থ হলেই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সোলায়মান বলেন, আপনি সাংবাদিক আপনার কাছে কি কোনো অভিযোগ কপি আছে। অভিযোগ কপি নিয়ে আসেন পরে সাক্ষাৎকার দেবো। আর এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। অভিযোগ সাজানো হয়েছে বলে দাবি করেন সোলায়মান।
নেত্রকোণায় নারী শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ
নেত্রকোণা সংবাদদাতা
১০ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
