মানিকগঞ্জের সিংগাইরের আলোচিত অটোরিকশাচালক কিশোর সাকিবুলের (১৭) হত্যাকারী আসাদুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সিসিটিভি’র ফুটেজ, পড়ে থাকা পায়ের স্যান্ডেল এবং তথ্যপ্রযুক্তির নিখুঁত বিশ্লেষণের মাধ্যমে উদ্ঘাটন করা হয় হত্যার রহস্য। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় গত বুধবার সন্ধ্যায় গোপন সংবাদে ঢাকার হেমায়েতপুরের যাদুরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে পিবিআই’র পক্ষ থেকে সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ১লা জুলাই সকালে জামশা-রাঙ্গালা সড়কের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের গোলাই নতুনপাড়া এলাকার রাস্তার পাশের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে সিংগাইর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান (৩৪) মানিকগঞ্জ সদর উপজেলার নতুনপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে ও সাভারের আপ্যায়ন হোটেলে সহকারী ম্যানেজার হিসাবে কাজ করতেন। নিহত সাকিবুল মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব মিতরা (রাথুরা) এলাকার রহমত আলীর ছেলে। পিবিআই পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, গত মঙ্গলবার (৩০শে জুন) সন্ধ্যায় সাকিবুলের অটোরিকশা ভাড়া করে বাড়ি গোলাইডাঙ্গা যাচ্ছিলেন আসাদুজ্জামান। কিন্তু রাস্তা ভাঙার কারণে অটোরিকশায় অতিরিক্ত ঝাঁকুনিতে অটোরিকশার সিট থেকে রিকশার নিচে পড়ে যায় আসাদুজ্জামান। এতে আসাদুজ্জামান ক্ষিপ্ত হয়ে সাকিবুলের ঘাড়ে থাপ্পড় দিলে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে দু’জনই রাস্তার পাশে পড়ে যায়। পরে দু’জনের মধ্যে হাতাহাতি হয়। তখন সাকিবুল চিৎকার করলে তার মুখ চেপে ধরে ধস্তাধস্তিতে সাকিবুলের মুখের ভেতরে কাদা ঢুকে নিশ্বাস বন্ধ হয়ে মারা গেলে আসাদুজ্জামান পালিয়ে যায়।
মানিকগঞ্জে সাকিবুলকে হত্যার ঘটনায় ঘাতক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
১০ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
