সীতাকুণ্ডে জগন্নাথ আশ্রমে দুই সেবক বহিষ্কার মামলার প্রস্তুতি

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ আশ্রমকে কেন্দ্র করে প্রশাসনিক বিরোধ নতুন মোড় নিয়েছে। নানা অনিয়ম, শৃঙ্খলা ভঙ্গ এবং পরিচালনা কমিটির সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে আশ্রমের দুই সেবক কৃষ্ণ দাস ও জয়কান্ত দাসকে সব ধরনের দায়িত্ব থেকে বহিষ্কার করেছে পরিচালনা কমিটি। একইসঙ্গে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে। পরিচালনা কমিটির দাবি, গত ১লা জুলাই এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডিতে পরিচালনা কমিটির কার্যালয়ের তালা ভেঙে প্রণামীর অর্থ, গুরুত্বপূর্ণ নথিপত্র ও দলিল সরিয়ে নেয়া এবং আশ্রমের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ করা হয়েছে। এ ছাড়া দীর্ঘদিনের প্রণামী ও অনুদানের অর্থের হিসাব না দেয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আশ্রম ও পরিচালনা কমিটির বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগও আনা হয়েছে। আশ্রম পরিচালনা কমিটির সভাপতি মনোজ কুমার নাথ বলেন, আশ্রমের শৃঙ্খলা, সম্পদ ও ভক্তদের আমানত রক্ষায় আইনানুগ সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। কোনো অনিয়মের সঙ্গে আপস করা হবে না।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সেবক কৃষ্ণ দাস বলেন, আমরা সেবক। আমাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। আমাদের বহিষ্কার করার ক্ষমতা পরিচালনা কমিটির নেই। পুলিশ আমাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। সীতাকুণ্ড মডেল থানার এসআই পরিমল বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জিডি’র ধারাবাহিকতায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন