ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের পাশে সংঘবদ্ধ ডাকাত দলের হামলার শিকার হয়েছেন এক জাপান প্রবাসী ও তার পরিবারের সদস্যরা। ডাকাতরা এ সময় প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোন, নগদ ৩০ হাজার টাকা ও পাসপোর্টসহ মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে যায়। পাসপোর্ট ও মূল্যবান কাগজপত্র লুট হওয়ায় তাদের জাপান ফিরে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ঘটনাটি গত বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্ট এলাকার পাশে ঘটে। ভুক্তভোগী আরমান (৪০) জানান, তিনি ফেনী জেলার বাসিন্দা। স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে একটি হায়েস গাড়িতে করে ফেনী থেকে ঢাকায় যাচ্ছিলেন। সেখান থেকে তাদের জাপান যাওয়ার কথা ছিল।

তাদের বহনকারী গাড়িটি মেঘনা টোলপ্লাজা এলাকায় পৌঁছালে ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল লেজার লাইট দিয়ে গাড়ির গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্র, চাপাতি, ছুরি ও লোহার রড নিয়ে তাদের গাড়িতে হামলা করে অস্ত্রের মুখে জিম্মি করে ও মারধর করে তাদের কাছ থেকে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার, একটি আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ তিনটি মোবাইল ফোন এবং নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাদের দাবি, লুট হওয়া স্বর্ণের বর্তমান বাজারমূল্য ৩০ লাখ টাকারও বেশি।

ভুক্তভোগীরা জানান, জাপান প্রবাসী মাহমুদুল হাসান আরমান তার মুক্তিযোদ্ধা বাবা আব্দুস সোবহান ও পরিবারের সদস্যদের নিয়ে ফেনীর নিজ বাড়ি থেকে ঢাকায় ভগ্নিপতির বাসায় যাওয়ার পথে ডাকাতির কবলে পড়েন। মাহমুদুল হাসান তার ভগ্নিপতির বাসা থেকে বৃহস্পতিবার সন্ধ্যার ফ্লাইটে সপরিবারে জাপানে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু পাসপোর্ট হারিয়ে তিনি এখন নিরুপায় হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ বলেন, ঘটনাটি মহাসড়কের মূল সড়কে নয়, বরং মহাসড়কের পাশের একটি নিচু সড়কে ঘটেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, ঘটনাটি নিয়ে আমরা কাজ করছি। এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল পুলিশের চেকপোস্টের সামনেই বলে জেনেছি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন