মাত্র চার মাসের ব্যবধানে বরিশালে আসছেন তারেক রহমান। চার মাস আগে নির্বাচনী জনসভায় একবার এসেছিলেন। আর এবার আসছেন প্রধানমন্ত্রী হিসেবে। ১৩ই জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে প্রশাসন ও বিএনপি’র পক্ষ থেকে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে। সফর সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্ধারিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বৃহস্পতিবার দিনব্যাপী একাধিক প্রস্তুতিমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনিক ও দলীয় ভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ চলছে।
গতকাল সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধানমন্ত্রীর সফরসূচি, সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা, যানবাহন চলাচল, জনসমাগম ব্যবস্থাপনা এবং সামগ্রিক আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একটি সূত্র জানিয়েছে এবার প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কোনো ব্যানার নগরীতে না টাঙ্গানোর সিদ্ধান্ত হয়েছে। নির্মাণ করা যাবে না কোনো তোরণ। একই সঙ্গে তাকে দেয়া কোনো ফুলেল শুভেচ্ছাও সীমিত করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এড. বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, জেলা প্রশাসক মামুন খন্দকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ।
প্রস্তুতিমূলক সভা শেষে প্রধানমন্ত্রীর নির্ধারিত বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী সম্ভাব্য কর্মসূচিস্থল পরিদর্শন করেন এড. বিলকিস আক্তার জাহান শিরীন। এ সময় তিনি কর্মসূচির স্থান নির্বাচন, নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের চলাচল, সার্বিক ব্যবস্থাপনা এবং আনুষঙ্গিক প্রস্তুতির অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল মহানগর বিএনপি’র সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অপরদিকে বিএনপি প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। মহানগর বিএনপি দফায় দফায় সাংগঠনিক সভা করছে। গঠন করা হচ্ছে বিভিন্ন কমিটি। মহানগর বিএনপি’র সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তার সফরকালে কোনো ব্যানার টাঙ্গানো যাবে না, কোনো তোরণও নির্মিত হবে না। যত্রতত্র ফুলেল শুভেচ্ছাও প্রদান করা হবে না। এসবকে সামনে রেখেই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর প্রস্ততি নেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বরিশালবাসীর মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে ঢাকা-বরিশাল ছয় লেন মহাসড়ক নির্মাণ, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) বাস্তবায়ন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনে গ্যাস সরবরাহের মতো দীর্ঘদিনের দাবিগুলো নিয়ে প্রধানমন্ত্রীর মুখ থেকে আশ্বাসের অপেক্ষায় রয়েছেন দক্ষিণাঞ্চলের মানুষ।
