উখিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান নিহত

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও এক শিশুপুত্র নিহত হয়েছেন। এ ঘটনায় দম্পতির আরও এক সন্তান গুরুতর আহত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে উখিয়া উপজেলার ৬ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেনÑ কহিনুর (৩০) ও তার ছেলে মোহাম্মদ আনছার (৬)। গুরুতর আহত আরেক ছেলে মোহাম্মদ সলিমকে (১০) প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের মাঝি দিল মুহাম্মদ জানান, অভিযুক্ত মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। কিছুদিন আগে মাদক সংক্রান্ত ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পেছনে স্ত্রীকে দায়ী বলে সন্দেহ করতেন তিনি। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে ভোরে প্রথমে স্ত্রীকে ছুরিকাঘাত করেন। পরে সন্তানরা দেখে ফেললে তাদের ওপরও হামলা চালান। এতে ঘটনাস্থলেই কহিনূর ও আনছারের মৃত্যু হয়। আহত হয় সলিম। পরে স্থানীয়রা নিহতদের মরদেহ উদ্ধার করে আহত শিশুকে হাসপাতালে পাঠান। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বলেন, খবর পেয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। উখিয়া থানার ওসি মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন