নরওয়ের বিপক্ষে খেলবেন তো!

দলে ফিরলেন হেন্ডারসন

নরওয়ের বিপক্ষে খেলবেন তো!

ফন্ট সাইজ:

রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকোর বিপক্ষে জয়ের আনন্দে বিলবোর্ড টপকাতে গিয়ে হাতের কব্জি ভেঙে ফেলেন ইংল্যান্ডের মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। অস্ত্রোপচার সেরে গতকাল দলের ট্রেনিং বেসে ফিরেছেন ৩৬ বছর বয়সী এই অভিজ্ঞ মিডফিল্ডার। তবে বিশ্বকাপের বাকী অংশে খেলতে পারবেন না তিনি। গ্রুপ পর্বে পানামার বিপক্ষে মাঠে নেমেছিলেন হেন্ডারসন। গত রোববার আজতেকা স্টেডিয়ামে ৩-২ গোলের জয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে ইংল্যান্ড। সেই ম্যাচে বেঞ্চে ছিলেন হেন্ডারসন। জয়ের পর উদযাপনের সময় মাঠের বিজ্ঞাপনী বিলবোর্ড টপকাতে গিয়ে বাম কব্জিতে আঘাত পান তিনি। এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় হেন্ডারসনকে। বাকি ইংলিশ খেলোয়াড়রা কানসাস সিটিতে ফিরলেও তিনি থেকে যান মেক্সিকো সিটিতে। পরে যুক্তরাষ্ট্রে ফিরে কানসাস সিটি অর্থোপেডিক ইনস্টিটিউটে বাম কব্জিতে অস্ত্রোপচার করান। অস্ত্রোপচারের পর সোশ্যাল মিডিয়ায় বাম হাতের ব্যান্ডেজ করা ছবি পোস্ট করে হেন্ডারসন লিখেছেন, ‘অস্ত্রোপচার শেষ! এখন শনিবারের বড় ম্যাচের জন্য প্রস্তুত হওয়া যাক।’ বুধবার ইংল্যান্ডের ট্রেনিং বেসে ফিরেছেন হেন্ডারসন। মাঠে না নামতে পারলেও দলের পাশে থাকতে চান তিনি। বুধবার কানসাস সিটির সোয়াপি সকার ভিলেজে অনুশীলনের পর ইংল্যান্ড মিডফিল্ডার মর্গান রজার্স বলেন, ‘তাকে সাইডলাইনে কোনো না কোনোভাবে দেখতে পাবেন। সে সেখানে থাকবে এবং আমাদের খেলায় অবদান রাখবে। এটাই তার ব্যক্তিত্ব, এটাই তার চরিত্র। সে সবসময় নিজের অহংকারকে সরিয়ে রেখে দলকে আগে রাখে এবং সম্ভব সব উপায়ে আমাদের সাহায্য করার চেষ্টা করে।’ নরওয়ের বিপক্ষে হেন্ডারসনের পাশাপাশি আর বেশ ক’জন ফুটবলারের সার্ভিস পাবে না ইংল্যান্ড। ডিফেন্ডার জ্যারেল কোয়ান্সাহ মেক্সিকো ম্যাচে লাল কার্ড দেখেন।

কোয়ার্টার ফাইনালে নিষিদ্ধ থাকছেন তিনি। গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং চোটে ছিটকে যাওয়া রিস জেমস এখনো সুস্থ হননি। ডেক্লান রাইস ও মার্ক গুয়েহিও বুধবারের অনুশীলনে ছিলেন না। এপি জানিয়েছে, তারা আলাদাভাবে অনুশীলন করেছেন। ১৯৬৬ সালে পশ্চিম জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় থ্রি লায়ন্সরা। ২০১৮ সালে রাশিয়ায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বেলজিয়ামের কাছে হার। ২০২২ সালে কাতারে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় ইংল্যান্ড।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন