রোমেরোকে নিয়ে শঙ্কা কেটেছে আর্জেন্টিনার

রোমেরোকে নিয়ে শঙ্কা কেটেছে আর্জেন্টিনার

ফন্ট সাইজ:

আটলান্টায় রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মিশরের বিপক্ষে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও ১৩ মিনিটের ঝড়ে ৩-২ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে আলবিসেলেস্তেদের হয়ে ৩ গোলের প্রথমটা করেন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। চরম বিপদে থাকা দলকে জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এই ডিফেন্ডারকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের শেষদিকে বাঁ পায়ের কাফে অস্বস্তি অনুভব করেন রোমেরো।

প্রাথমিক পরীক্ষার পর জানা যায়, এটা কোনো চোট নয়; কেবল পেশিতে টান লাগায় অস্বস্তি অনুভব করেছিলেন তিনি। আর্জেন্টিনা দলের একটি সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে টিওয়াসি স্পোর্টস। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দলীয় অনুশীলনে দেখা গেছে রক্ষণভাগের এই ফুটবলারকে। এমনকি অনুশীলনে কোনো ধরনের অস্বস্তি অনুভব করতে দেখা যায়নি তাকে। কোয়ার্টার ফাইনালে আগামী ১২ই জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচকে সামনে রেখে আটলান্টা থেকে বুধবার কানসাস সিটিতে পৌছায় আর্জেন্টিনা দল। সকালে সেখানে পৌঁছে বিকালে অনুশীলনে নামেন ফুটবলাররা। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, কানসাস সিটি স্টেডিয়ামে হতে যাওয়া সে ম্যাচে শুরুর একাদশেই রোমেরোর মাঠে নামার সম্ভাবনা বেশি। অনুশীলনে রিকভারি করতেই লম্বা সময় পার করেন ফুটবলাররা। যে ফুটবলাররা মিশরের বিপক্ষে বেশি সময় মাঠে ছিলেন, তারা জিমে ব্যায়ামসহ অন্যান্য রিকভারি সেশনে অংশ নেন।

অন্যদিকে যারা শুরুর একাদশে ছিলেন না বা অল্প সময় খেলেছেন, তারা মাঠে স্বাভাবিক অনুশীলন করেন। অনুশীলনের প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল। টিওয়াইসি স্পোর্টস জানায়, ম্যাচের আগের দিনের অনুশীলনের পর শুরুর একাদশ চূড়ান্ত করবে কোচিং স্টাফ। শেষ অনুশীলনের পর সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি নিয়ে কথা বলবেন স্কালোনি। তবে মিশরের ম্যাচের একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আবারো একাদশে ফিরতে পারেন লাউতারো মার্তিনেজ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন