‘সিংহাসন’ ফিরে পেলেন রাজা

‘সিংহাসন’ ফিরে পেলেন রাজা

ফন্ট সাইজ:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলছে জিম্বাবুয়ে। রোডেশিয়ানদের সুপার এইটে খেলার নেপথ্যে ছিলেন সিকান্দার রাজা। ব্যাট-বলে অবদান রাখার পাশাপাশি সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। আর জিম্বাবুয়েকে বিশ্বকাপের সুপার এইটে তোলার পুরস্কার হাতেনাতে পেলেন রাজা। আইসিসি প্রকাশিত সবশেষ সাপ্তাহিক হালনাগাদে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকার শীর্ষস্থান পুনরুদ্ধার করেন এই জিম্বাবুইয়ান তারকা। রাজার প্রত্যাবর্তনের দিনে ব্যাটিং ও বোলিংয়ের রাজত্ব ধরে রাখেন ভারতের অভিষেক শর্মা ও বরুণ চক্রবর্তী।
জিম্বাবুয়ের ক্রিকেটের পুনর্জাগরণের নায়ক বলা হয় সিকান্দার রাজাকে। চলতি বিশ্বকাপে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ রানের ইনিংস এবং মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াকু ২৭ রান রাজাকে সিংহাসনে ফেরাতে সাহায্য করেছে। ২৯৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি অলরাউন্ডার। এতদিন শীর্ষে থাকা পাকিস্তানের তরুণ তুর্কি সাইম আইয়ুব (২৮১ পয়েন্ট) এক ধাপ নিচে নেমে বর্তমানে দ্বিতীয় অবস্থানে আছেন। সাম্প্রতিক সময়ে এই দুই ক্রিকেটারের মধ্যে শীর্ষস্থান নিয়ে একাধিকবার ‘মিউজিক্যাল চেয়ার’ খেলা চললেও বিশ্বকাপের মঞ্চে অভিজ্ঞ রাজার কাছেই শ্রেষ্ঠত্ব ধরা দিলো। এছাড়া অলরাউন্ডারদের তালিকায় বড় লাফ দেন ভারতের শিবম দুবে। নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৬ রানের পাশাপাশি ২ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে সাতে উঠে এসেছেন তিনি। আফগানিস্তানের মোহাম্মদ নবীও তিন ধাপ উন্নতি করে আটে রয়েছেন।
ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আছেন ভারতের অভিষেক শর্মা। যদিও বিশ্বকাপে তাকে চেনা মেজাজে দেখা যাচ্ছে না। টানা তিন ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। এরপর সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১৫ রানে আউট হন। তবুও ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে ফিল সল্টের চেয়ে ৬১ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।
ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বেশ উন্নতি হয়েছে পাকিস্তানের সাহিবজাদা ফারহানের। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। দারুণ নৈপুণ্যে দুই ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা তৃতীয় স্থানে উঠে এসেছেন ফারহান। এছাড়া ভারতের ঈশান কিষান তিন ধাপ এগিয়ে পাঁচে এবং দক্ষিণ আফ্রিকার ‘বেবি এবি’খ্যাত ডেভাল্ড ব্রেভিস ১০ ধাপ উন্নতি করে নয়ে উঠে এসেছেন। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে ইংল্যান্ডকে সেমিফাইনালে তোলা হ্যারি ব্রুক ১০ ধাপ এগিয়ে আছেন ১৮তম স্থানে। বোলারদের তালিকায় ভারতের রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা পেসার করবিন ২১ ধাপ উন্নতি করে উঠে এসেছেন তৃতীয় স্থানে। ভারতের বিপক্ষে ২/১২ এবং আরব আমিরাতের বিপক্ষে ৩ উইকেটের পারফরম্যান্স তাকে এই অভাবনীয় সাফল্য এনে দেয়। ওয়েস্ট ইন্ডিজের পেসার ম্যাথু ফোর্ড ২৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন সাতে। ভারতীয় পেসার যশপ্রীত বুমরাও থেমে নেই। সাত ধাপ উন্নতি করে তিনি এখন বিশ্বের আট নম্বর টি-টোয়েন্টি বোলার। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুড়াকেশ মোতি ১৭ ধাপ এগিয়ে যৌথভাবে ২১তম স্থানে এবং ইংল্যান্ডের লিয়াম ডসন ২৩ ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠে এসেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন