‘মেসিকে এভাবে দেখা অবিশ্বাস্য’

‘মেসিকে এভাবে দেখা অবিশ্বাস্য’

ফন্ট সাইজ:

বিশ্বকাপে ৩৯ বছর বয়সেও লিওনেল মেসির অবিশ্বাস্য পারফরম্যান্স দেখে মুগ্ধ স্পেনের তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল। ৮ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে আছেন মেসি। মঙ্গলবার মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের মহাকাব্যিক প্রত্যাবর্তনের ম্যাচেও তিনিই ছিলেন জয়ের নায়ক। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো দেপোর্তিভো’-কে দেয়া এক সাক্ষাৎকারে ১৮ বছর বয়সী ইয়ামাল বলেন, ‘অবিশ্বাস্য! মেসি কে- তা সবাই জানে। তবে এই বয়সেও তিনি এতটা অবিশ্বাস্য ফর্মে খেলবেন, তা কেউ আশা করেনি। আমি ওনার জন্য সত্যিই খুব আনন্দিত।’

বার্সেলোনায় মেসির ঐতিহাসিক ১০ নম্বর জার্সি গায়ে জড়ানো ইয়ামাল নিজের ছোটবেলার অন্য আইডলদের নিয়েও কথা বলেছেন। নেইমার ও ক্রিস্টিয়ানো রোনালদোকে স্মরণ করে তিনি বলেন, ‘আমি নেইমার (যদিও ও এখন আর টুর্নামেন্টে নেই) এবং ক্রিস্টিয়ানোর জন্যও খুশি। আমাদের মতো যারা এখন খেলছি, তাদের সবার শৈশবটাই গড়ে উঠেছে ওদের খেলা দেখে।’ শেষ ষোলোর ম্যাচে গত রোববার নরওয়ের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। এর মাধ্যমে ৩৪ বছর বয়সী নেইমার আন্তর্জাতিক ক্যারিয়ারের থেকে ইতি টানার ইঙ্গিত দিয়েছেন। পরদিনই পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে রোনালদোর বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে দেয় ইয়ামালের স্পেন। রেকর্ড ৬টি বিশ্বকাপে গোল করা এবং আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা (১৪৬) ও সর্বোচ্চ ম্যাচ খেলার (২৩৩) রেকর্ড গড়া রোনালদোর এটিই ছিল শেষ বিশ্বকাপ। আইডলদের প্রতি শ্রদ্ধা জানালেও নিজের লক্ষ্য নিয়ে পরিষ্কার ইয়ামাল, ‘ওদের ভালো কিছু হলে আমার ভালো লাগে।

তবে আমি যদি ফাইনালে উঠি, তবে আমিই জিততে চাই।’ চোট সারিয়ে পর্তুগালের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেন ইয়ামাল। নিজের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘আমি প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলাম। আমি নিজের প্রতি বেশ কঠোর, গ্রুপ পর্বের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট নই। তবে এটা নিয়ে আমি চিন্তিত নই। বড় ম্যাচ যত কাছে আসে, যেমন সেমিফাইনাল বা ফাইনালÑ আমি তত ভালো খেলি।’ আগামীকাল ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হবে ইয়ামালের স্পেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন