পুরোপুরি বিদায় নিতে পারেন নেইমার

ফন্ট সাইজ:

চোখে জল। বুকভরা কষ্ট। মাঠ ছেড়ে যাওয়ার আগে একবার ঘুরে তাকালেন। তারপর বললেন, ‘শেষ।’ নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়ের রাতে শুধু একটি দেশ নয়, থামলো একটি যুগ। নেইমার জুনিয়র জানিয়ে দেন ব্রাজিলের জার্সিতে তার অধ্যায় শেষ। এখন শোনা যাচ্ছে, পেশাদার ফুটবল থেকেও পুরোপুরি বিদায় নিতে পারেন ৩৪ বছর বয়সী এই কিংবদন্তি।

এই বিশ্বকাপে নেইমারের যাত্রাটা ছিল কষ্টের। কাফ পেশিতে আঘাতের কারণে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি। তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছেন ১৪ মিনিট। জাপানের বিপক্ষে রাউন্ড অব থার্টিতে বেঞ্চে বসেই সময় কাটান। তারপর এলো সেই রাত। শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে ব্রাজিল পিছিয়ে পড়ছিল। বদলি হিসেবে নামেন নেইমার। ম্যাচের শেষদিকে যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেন। এটি ব্রাজিলের হয়ে তার ৮০তম আন্তর্জাতিক গোল। ম্যাচ শেষে মাঠে বসে কেঁদেছেন নেইমার।

ম্যাচের পর ব্রাজিলিয়ান চ্যানেল টিভি গ্লোবোকে দেয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছিলাম, চেষ্টা করেছিলাম। এখন শেষ। আমি এখানেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম।’ ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, নেইমার পেশাদার ফুটবল থেকেই পুরোপুরি সরে যাওয়ার কথা ভাবছেন। সান্তোসের সঙ্গে চুক্তি থাকলেও তা পূর্ণ না করেই অবসর নিতে পারেন। গ্লোবো জানায়, ব্রাজিলের বিশ্বকাপ অভিযান নিয়ে কিছুটা সময় ভাববেন তিনি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে কয়েক দিনের মধ্যেই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন