জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

ফন্ট সাইজ:

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি সংস্করণে কোনো ম্যাচ খেলেনি জিম্বাবুয়ে। বাংলাদেশ সিরিজ দিয়ে তাদের চার মাসের অপেক্ষা ফুরোচ্ছে। আইসিসি ইভেন্টের সেই দল থেকে তিন পরিবর্তন নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে স্বাগতিক জিম্বাবুয়ে।
সিকান্দার রাজাকে অধিনায়ক করে বুধবার জিম্বাবুয়ে ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে। গ্রায়েম ক্রেমার বাঁ হাতের আঙ্গুলে চোট পেয়ে ছিটকে গেছেন। বিশ্বকাপ দলে থাকা আরেক ক্রিকেটার টনি মুনিয়ঙ্গা নেই বাংলাদেশ সিরিজের দলে। এ দলে বেন কারেন নিজের জায়গা ধরে রেখেছেন। অপর দুই ক্রিকেটার হলেন বাঁহাতি পেসার নিউম্যান নিয়ামহুরি ও টপঅর্ডার ব্যাটার মিল্টন শুম্বা। হারারেতে সিরিজের একমাত্র টেস্টে পেয়েছেন ৬ উইকেট। একই মাঠে ৬ই জুলাই প্রথম ওয়ানডেতে ২ উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে ৩৩ রান করে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। নিয়ামহুরি এখন পর্যন্ত ৫ টেস্ট ও ৬ ওয়ানডে খেললেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার অভিষেক হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০২৪ সালে। আর ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া শুম্বা এখন পর্যন্ত খেলেছেন ৪ টেস্ট, ১০ ওয়ানডে ও ৩০ টি-টোয়েন্টি। প্রেমাদাসায় ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের পর আর জিম্বাবুয়ের জার্সিতে খেলা হয়নি তার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ তিনি খেলেছেন ২০২২ সালে। অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কাকে হারিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ওঠাই জিম্বাবুয়ের অন্যতম সেরা সাফল্য। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিÑএই তিন আইসিসির ইভেন্ট মিসের পর সুযোগ পেয়ে সেটা কাজে লাগালো জিম্বাবুয়ে। যদিও আফ্রিকার দলটি সুপার এইটে কোনো ম্যাচ জিততে পারেনি। বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ শেষ হবে ১১ই জুলাই। টি-টোয়েন্টি সিরিজ হবে বুলাওয়েতে। ১৫, ১৭ ও ১৯শে জুলাই হবে সিরিজের তিন টি-টোয়েন্টি।
বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজের দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারেন, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, মিল্টন শুম্বা।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন