ফিফা‘র নতুন নিয়মে যে সুবিধা পাচ্ছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল

ফন্ট সাইজ:

বিশ্বকাপে পরাশক্তি দেশগুলোর লড়াই মানেই বাড়তি উন্মাদনা। সেই রোমাঞ্চকে আরও দীর্ঘায়িত করতে এবং শীর্ষ দলগুলোকে টুর্নামেন্টে বেশি সময় পর্যন্ত টিকিয়ে রাখার লক্ষ্যেই নতুন একটি কাঠামো চালু করেছিল ফিফা। ২০২৫ সালের নভেম্বরে করা সেই নিয়মের প্রভাব দেখা যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে। নতুন নিয়ম অনুযায়ী, ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলকে এমনভাবে ড্রয়ের দুই অংশে ভাগ করা হয়েছিল, যাতে তারা সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি না হয়। তখন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল স্পেন, দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। তৃতীয় ও চতুর্থ স্থানে ছিল যথাক্রমে ফ্রান্স ও ইংল্যান্ড। সে অনুযায়ী স্পেন ও আর্জেন্টিনাকে ড্রয়ের দুই ভিন্ন অংশে রাখা হয়।

একইভাবে ফ্রান্স ও ইংল্যান্ডকেও বিপরীত দিকে স্থান দেয়া হয়। ফলে গ্রুপ পর্বের পর সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সেমিফাইনালের আগে এই চার দলের কেউ কারও মুখোমুখি হওয়ার সুযোগ ছিল না। তবে এই সমীকরণ বাস্তবায়নের জন্য একটি শর্তও ছিলÑ চার দলকেই নিজেদের গ্রুপ চ্যাম্পিয়ন হতে হতো। শেষ পর্যন্ত মাঠের লড়াইয়ে সেটিই ঘটেছে। স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স এবং ইংল্যান্ডÑ চার দলই গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। ফলে শেষ আটের লড়াইয়ে তারা চারটি ভিন্ন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে। কোয়ার্টার ফাইনালে স্পেন খেলছে বেলজিয়ামের বিপক্ষে, আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড, ফ্রান্সের সামনে মরক্কো এবং ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বী নরওয়ে। ফিফার এই কাঠামোর মূল উদ্দেশ্য হলো, টুর্নামেন্টের শুরুতেই বড় দলগুলোর পারস্পরিক সংঘর্ষ এড়িয়ে দর্শকদের জন্য শেষ দিকে আরও বড় ম্যাচের সম্ভাবনা তৈরি করা। একই ধরনের পদ্ধতি টেনিসের গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট উইম্বলডন এবং ইউরোপীয় ক্লাব ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতার ড্রয়ে ব্যবহার করা হয়ে থাকে। একই র‌্যাঙ্কিংভিত্তিক কাঠামো গত ক্লাব বিশ্বকাপেও প্রয়োগ করা হয়েছিল। সেই টুর্নামেন্টে ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইকে হারিয়ে শিরোপা জিতেছিল চেলসি।

বর্তমান পরিস্থিতিতে কোয়ার্টার ফাইনালের চার ম্যাচেই ফেভারিট হিসেবে মাঠে নামছে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড। তারা সবাই নিজেদের ম্যাচ জিততে পারলে সেমিফাইনালে ফুটবলপ্রেমীরা দেখতে পাবেন দুই মহারণÑ স্পেন বনাম ফ্রান্স এবং আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন