জমি নিয়ে বিরোধের জেরে আড়াইহাজারে সিয়াম নামে এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী এলাকার মোক্তার হোসেনের ছেলে। গতকাল ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে বুধবার বিকালে জমি নিয়ে বিরোধের জেরে লস্করদী এলাকার মতিনের পক্ষের লোকজন সিয়াম ও তার পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। একপর্যায়ে সিয়ামকে উপর্যুপরি চাইনিজ কুড়াল দিয়ে মাথায় কোপানো হলে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ সময় সিয়ামের পরিবারের অন্য সদস্যদেরও কুপিয়ে জখম করা হয়েছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিরোধপূর্ণ জমি নিয়ে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ বেশ কয়েকবার বিচার-সালিশ করেন। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে নিহত সিয়ামের চাচি খাদিজা বলেন, আমাদের দখলের জমি আমরা চাষাবাদ করে আসছি। আমাদের প্রতিপক্ষ মতিনরা জমিটি অনেক আগেই আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন। আমাদের কাছে দলিল রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, গতকাল জমি নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে আমাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়।
এ সময় সিয়ামের মাথায় চাইনিজ কুড়াল দিয়ে কোপানো হয়। এতে তার মৃত্যু হয়েছে। আমি অপারধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি; তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
