নিকলীতে বাবার মামলায় মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার, থানা হাজত থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের নিকলীতে বাবার দায়ের করা মামলায় রুবেল মিয়া (২২) নামের এক মাদকাসক্ত যুবককে গ্রেপ্তার করে আনার পর থানা হাজত থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিকলী থানার হাজতখানার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

এর এক ঘণ্টা আগে সকাল ৯টার দিকে তাকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়। নিহত রুবেল উপজেলার কারাপাশা ইউনিয়নের শহরমূল এলাকার রাজা হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করে নিকলী থানার ওসি মাহবুবুর রহমান জানান, রুবেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। তার বিরুদ্ধে বাবার করা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়। একপর্যায়ে রুবেল নিজের গায়ের শার্ট খুলে হাজতের গ্রিলের সঙ্গে বেঁধে আত্মহত্যা করে। সকাল ১০টার দিকে আদালতে নেয়ার জন্য পুলিশ হাজতে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে এ ব্যাপারে নিহতের বাবা রাজা হাওলাদার বলেন, রুবেল আমার একমাত্র ছেলে। কিন্তু অল্প বয়সেই মাদকাসক্ত হয়ে পড়ে। একপর্যায়ে আমি নিজেই তার বিরুদ্ধে মামলা করে তাকে জেলহাজতে পাঠাই। তিন মাস কারাভোগ করেও তার কোনো পরিবর্তন হয়নি। নিয়মিত মাদক নিয়ে পরিবারের সবার সঙ্গে সে খারাপ আচরণ করতো।

এ রকম অবস্থায় বৃহস্পতিবার আমি নিজেই পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পর রুবেলকে আমি খাবার ও কাপড়চোপড় দিয়ে বাড়ি ফিরছিলাম। পথে জানতে পারি সে আত্মহত্যা করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন