মন্ত্রীর দেয়া অটোরিকশা পেয়ে হাসি ফুটেছে আরজুর মুখে

মন্ত্রীর দেয়া অটোরিকশা পেয়ে হাসি ফুটেছে আরজুর মুখে

ফন্ট সাইজ:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের হতদরিদ্র আরজু মিয়ার উপার্জনের একমাত্র অবলম্বন ছিল অটোরিকশা (হ্যালো বাইক)। এনজিও থেকে কিস্তি নিয়ে প্রায় দেড় লাখ টাকায় রিকশাটি ক্রয় করেছিলেন তিনি। সম্প্রতি চুরি হয়ে যাওয়ার পর থেকে মানবেতর জীবনযাপন করে আসছিলেন পরিবার পরিজন নিয়ে। আরজুর মানবেতর জীবনযাপনের বিষয়টি নজরে আসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার। চুরি হয়ে যাওয়া রিকশা উদ্ধারে প্রশাসনকে নির্দেশনা দেয়ার পরও সেটি আর উদ্ধার হয়নি। শেষে রিতার নির্দেশনায় এই পরিবারের পাশে দাঁড়িয়েছে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন। গত বুধবার দুপুরে আরজুর হাতে তুলে দেয়া হয় একটি নতুন অটোরিকশা। অটোরিকশা পেয়ে আবেগ আপ্লুত হয়ে আরজু বলেন, এনজিও থেকে কিস্তি উঠিয়ে অটোরিকশাটি কিনেছিলাম। সেটা চালিয়ে দুই ছেলে এক মেয়েসহ পরিবারের পাঁচজনের সংসারটি কোনোরকম চলছিল। হঠাৎ চুরি হয়ে যাওয়ায় আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। অনেক জায়গায় ঘুরেছি অনেক আকুতি-মিনতি করেছি কিন্তু কেউ আমার অটোরিকশার সন্ধান দিতে পারেনি। ওদিকে কিস্তির টাকা পরিশোধ করতে পারছিলাম না। শেষে আমার পাশে দাঁড়িয়েছেন আফরোজা খানম রিতা আপা। একজন মানবতার ফেরিওয়ালা হিসেবে তিনি আমার পরিবারের আহার জোগারের ব্যবস্থা করে দিয়েছেন। আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার প্রতিনিধি হয়ে অটোরিকশা বিতরণকালে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্যবৃন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন