সরকার পাঁচ বছরে নতুন করে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি নিয়েছে

বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

সরকার পাঁচ বছরে নতুন করে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি নিয়েছে

ফন্ট সাইজ:

বর্তমান সরকার পাঁচ বছরে নতুন করে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ উদ্বোধন শেষে এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং উপকারিতা নিয়ে নতুন করে বেশি কিছু বলার নেই। বৃক্ষরোপণ কিংবা সবুজায়নের গুরুত্ব সম্পর্কে আমরা সবাই কম বেশি অবগত। আপনার-আমার-আমাদের আগামী প্রজন্মের সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি।’

‘একটি সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করলে, আসুন আমরা একটি করে গাছ লাগানোর মধ্য দিয়ে প্রতিটি প্রাণের জন্মকে উদযাপন করি, স্মরণীয় করে রাখি। একজন নবজাতকের পাশাপাশি একটি গাছও বেড়ে উঠুক। এভাবেই এগিয়ে যাক সবুজায়নের জন্য সামাজিক আন্দোলন।’ উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার পাঁচ বছরে নতুন করে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি নিয়েছে। তবে ইচ্ছেমতো গাছ রোপণ করলেই উদ্দেশ্য সাধিত হবেনা। বরং কোন পরিবেশে কোন প্রকারের মাটিতে, কী ধরনের আবহাওয়ায়, কোন প্রজাতির গাছ রোপণ করা দরকার, এগুলো পরীক্ষা-নিরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

যেমন ইউক্যালিপটাস কিংবা আকাশমণি প্রজাতির গাছ দ্রুত বেড়ে ওঠে, কিন্তু এ ধরনের গাছ আমাদের পরিবেশের জন্য কতটা উপযোগী সেটি অবশ্যই গবেষণার দাবি রাখে।’

‘আমি মনে করি, নতুন বৃক্ষরোপণের ক্ষেত্রে দেশীয় প্রজাতির গাছ যেমন ঔষধি, অর্কিড, বাঁশজাতীয়, বনজ, ফলদ, অর্থকরী এবং বিপন্ন প্রজাতির গাছ রোপণ অগ্রাধিকার দেয়া উচিত।’ বলেন তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, ‘তবে বৃক্ষরোপণ কিংবা বনায়নই শেষ কথা নয় বরং এই বনায়ন, পশু পাখি, বিভিন্ন প্রাণী ও কীটপতঙ্গের জন্য নিরাপদ বাসস্থান কিংবা প্রয়োজনীয় আহারের যোগান দিতে পারে কিনা, এ বিষয়ে চিন্তাভাবনা করার ক্ষেত্রে পরিবেশবিদ এবং বনবিদগনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। গাছপালা ও প্রাণী অর্থাৎ সকল জীব এবং মাটি, পানি ও বায়ু অর্থাৎ জড় পরিবেশ সবকিছুই যাতে স্বাভাবিকভাবে মিলেমিশে থাকতে পারে, বনায়নের মাধ্যমে এমন একটি বাস্তুতন্ত্র বজায় এবং বহাল রাখাই বর্তমান সরকারের লক্ষ্য।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন